২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক উপায়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়: চর মোনাইয়ের পীর

ইসলামী শাসনতান্ত্র আন্দোলনের আমীর ও চর মোনাইয়ের পীর সৈয়দ ফজলুল করীম বুধবার এক সমাবেশে বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ইসলামী শাসনতান্ত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দানকালে তিনি এ কথা বলেন।

জামাতে ইসলামীর নামোল্লেখ না করে তিনি আরও বলেন, যারা গণতান্ত্রিক উপায়ে ইসলাম প্রতিষ্ঠার নামে রাজনীতি করছে তারা আসলে জনগণের সাথে মিথ্যাচার করছে।

চর মোনাইয়ের পীর বলেন, তারা আসলে আমেরিকার সার্টিফিকেট নিয়ে ক্ষমতায় যেতে চায়। নিজের স্বার্থে তারা ইসলামকে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, মানুষের চূড়ান্ত মুক্তির জন্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চর্চার বিকল্প নেই।

এদিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আয়োজিত অপর এক সমাবেশে দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন বলেন, দেশ জুড়ে বোমা হামলার পিছনে জামাতের জড়িত থাকার  বিষয়টি পরিষ্কার।

তিনি বলেন, এ পর্যন্ত গ্রেপ্তারকৃত সকল জঙ্গিই জামাতের সাথে তাদের সম্পর্কের কথা স্বীকার করেছে।