২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও ৪ দলীয় জোটকে নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান

পল্টনের মহাসমাবেশে ক্ষমতাসীন জোট সরকারের মন্ত্রী ও বিএনপি নেতারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে চারদলীয় জোটকে নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিএনপি বুধবার বিকেলে পল্টন ময়দানে এ মহাসমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মহাসমাবেশে নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করার আহবান জানিয়েছেন।

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, আগামী নির্বাচনে ভরাডুবি জেনে তারা নির্বাচন বানচাল করতে চায়। এর অংশ হিসেবেই তারা নতুন ভোটার তালিকা তৈরির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।

তিনি বলেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে আন্দোলন করছে। সরকার তাদের দাবি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। সংসদ অথবা বাইরে যেকোনো স্থানে আলোচনা হতে পারে। এখন তারা চায় সরকারের পদত্যাগ। সরকার পদত্যাগ করলে সংস্কার করবে কে? তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার করার কোনও ক্ষমতা নেই। আর বিএনপিকে বাদ দিয়ে কোনও সংস্কার হবে না।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিরোধী দলকে ষড়যন্ত্র পরিহার করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা এদেশে কোনোদিনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। তারা ক্ষমতায় না থাকলে সরকারকে শান্তিতে কাজ করতে দেবে না। কারণ তারা দেশ ও বিদেশে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখাতে চায়। বাংলাদেশ কোনও অকার্যকর রাষ্ট্র নয়।

স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ আমাদের পাঁচ বছরের জন্যে নির্বাচিত করেছে। মেয়াদের এক মুহূর্ত আগেও ক্ষমতা থেকে পদত্যাগ করবো না।

আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ইসলামের নামে একটি মহল বিচার ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিছু বিভ্রান্ত ব্যক্তি রাষ্ট্রের ভিত্তির ওপর আঘাত করেছে। এসব হামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। হামলাকারী, তাদের মদদদাতা এবং তাদের প্রশিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর আইন করা হচ্ছে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন-- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ কেএম ওবায়দুর রহমান, খন্দকার মাহবুব উদ্দিন আহম্মেদ, সহ--সভাপতি ও বন মন্ত্রী তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্মমহাসচিব ও পূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।