প্রধানমন্ত্রীর ভাষণে জঙ্গিরাই উৎসাহিত হবে: বিরোধী দল
বিরোধী দল অভিযোগ করেছে, বুধবার পল্টন ময়দানের মহাসমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য প্রকারান্তরে জঙ্গিদেরই উৎসাহিত করেছে।
বিরোধী দলকে দোষারোপ ও আক্রমণ করে দেওয়া তার ভাষণ এবং ‘বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার হুমকি’কে বিরোধী দল পতনোন্মুখ সরকারের আস্ফালন হিসেবে উল্লেখ করেছে।
আন্দোলনরত ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, বিরোধী দমনের এই আস্ফালন করে সরকার পতনের চলমান সংগ্রাম দমানো যাবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, পতনোন্মুখ সরকার ক্ষমতার শেষ মুহূর্তে এসে অতীতেও এমন আস্ফালন করেছে। কিন্তু জনতার সংগ্রাম স্তব্ধ করতে পারেনি। ব্যর্থ বিএনপি জামাত জোটও পারবে না।
বিডিনিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় জলিল বলেন, আস্ফালন করে অত্যাচারের পথ বেছে নিয়ে আন্দোলন দমানো যাবে না। বরং জনতার বিজয়ের জন্যে যারা সংগ্রাম করছে, তাদের সংগ্রাম আরও বেশি শক্তিশালী হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে বিরোধী দলকে দমন করার চেষ্টা সফল হবে না।
‘জনতার সংগ্রাম করতে গিয়ে অতীতে এমন অনেক মামলা খেয়েছি। এমন হুমকিতে আমরা ভীত নই,’ বলেন মেনন।
তিনি বলেন, বরং জনতার সংগ্রাম দমন করতে অতীতে যারা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে, তারা ক্ষমতা দূরে থাক, দেশেও থাকতে পারেনি। এ সরকারও পারবে না।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জঙ্গি বোমাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা না দিয়ে বিরোধী দলকে জড়িয়ে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে জঙ্গিরাই উৎসাহিত হবে। তার বক্তব্য এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে বিরোধী দলকে ফাঁসানোর হুমকির মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, তিনি জঙ্গি বোমাবাজদের জন্মদাতা ও রক্ষক।
ইনু বলেন, সরকার জঙ্গিদের যতই আড়ালের চেষ্টা করুক, তাদের শেষ রক্ষা হবে না। জঙ্গি বোমাবাজদের সঙ্গে তাদেরও দেশ থেকে বিতাড়ন করা হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বোমাবাজ জঙ্গি এবং নিজেদের রক্ষা করতে পারবেন না। জনতার বিচারের জন্যে প্রস্তুত থাকুন।
