২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ১৪ দলের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন

আওয়ামী লীগসহ ১৪ দলের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

মহাসমাবেশের সমন্বয়কারী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেছেন, বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অসুস্থতা সত্ত্বেও মহাসমাবেশে যোগ দেবেন।

শেখ হাসিনা ছাড়াও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়–য়া এবং গণআজাদী দলের সভাপতি আব্দুস সামাদ সমাবেশে বক্তব্য রাখবেন।

মহাসমাবেশ উপলক্ষে সমাবেশস্থল মাদ্রাসা ময়দদানে তিনটি পৃথক মঞ্চ নির্মাণ করা হয়েছে। একটিতে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ১৪ দলের নেতৃবৃন্দসহ বসবেন, অপরটিতে বসবেন জেলা নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যে থাকছে তৃতীয় মঞ্চটি।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা বিডিনিউজকে বলেন, জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন পয়েন্টে প্রায় পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবে। বিশেষ আইডি কার্ডধারী এই সেচ্ছাসেবকরা সমাবেশে আগতদের দেহ তল্লাশি করবে। এছাড়া প্রবেশ পথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হবে।

এছাড়া সমাবেশকে সফল করতে ব্যাপক প্রচারণা চলছে। এর সমর্থনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মিছিল--সমাবেশ করেছে।

এদিকে সমাবেশসস্থল মাদ্রাসা ময়দান বুধবার পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। অতিরিক্ত নিরাপত্তা হিসেবে ময়দানের চারপাশে প্রায় পাঁচশ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। ডগস্কোয়াড দিয়ে সমাবেশস্থলে তল্লাশি চালানো হয়েছে।

মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ বিডিনিউজকে জানান, সমাবেশে নিরাপত্তার কাজে প্রায় আড়াই হাজার পুলিশ ও বিডিআর মোতায়েন করা হবে।