অসুস্থতা সত্ত্বেও শেখ হাসিনা মহাসমাবেশের উদ্দেশে বৃহস্পতিবার সড়কপথে রাজশাহী যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অসুস্থতা সত্ত্বেও ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন। সেখানে তিনি ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দেবেন।
বিরোধী দলীয় নেতার কার্যালয় সূত্র বিডিনিউজকে জানায়, অসুস্থতার কারণে বিমানে যাওয়ার কথা ভাবা হলেও বৃহস্পতিবার সকালে কোনও ফ্লাইট না থাকায় শেখ হাসিনা শেষ পর্যন্ত সড়কপথেই রাজশাহী যাচ্ছেন। সকাল ৭টায় সুধাসদন থেকে যাত্রা করবেন তিনি। বিকেলে ১৪ দলের মহাসমাবেশে ভাষণ দেবেন। রাতে রাজশাহী সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি।
শেখ হাসিনা পরদিন শুক্রবার সকাল ৮টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
ঢাকায় ২২ নভেম্বর কেন্দ্রীয়ভাবে ১৪ দলের মহাসমাবেশের পর এটি হবে দ্বিতীয় বিভাগীয় মহাসমাবেশ। এর আগে ৯ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত হয় ১৪ দলের প্রথম বিভাগীয় মহাসমাবেশ। এরপর পর্যায়ক্রমে সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং দিনাজপুরে (রংপুর অঞ্চল) ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে শেখ হাসিনা শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে রোববার সন্ধ্যা থেকে পূর্ণ বিশ্রামে রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসকরা আগামী এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিলেও পূর্বঘোষিত মহাসমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার তিনি রাজশাহী যাবেন বলে সূত্র জানায়।
এর আগে রাজশাহীর মহাসমাবেশ ছাড়াও চার দিনের সফরে উত্তরাঞ্চল যাওয়ার কথা ছিল শেখ হাসিনার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সফরসূচি পরিবর্তন করা হয়।
