বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে ব্যবস্থা নেয়া হবে: মহাসমাবেশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে কোনও লাভ হবে না। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকুন। নইলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে।
পল্টন ময়দানে বুধবার বিকেলে বিএনপি আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
মহাসমাবেশ উপলক্ষে দুপুরের মধ্যেই ঐতিহাসিক পল্টন ময়দান জনসমুদ্রে পরিণত হয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলের প্রতি উঙ্গিত করে বলেন, নির্বাচনে আপনাদের ভরাডুবি হবে। এটি বানচালের চেষ্টা করে আপনারা সফল হবেন না। নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়ে লাভ নেই। নির্বাচন রুখে দেওয়ার মতো ক্ষমতা আদৌ আপনাদের নেই।
তিনি বলেন, বর্তমান প্রক্রিয়াতেই নিবাচন হবে। নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয়, তবেই আপনারা ক্ষমতায় যাবেন।
