২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ‘মিথ্যা ও বিকৃত ইতিহাস’ সংযোজনের প্রতিবাদ জানিয়েছে আ. লীগ

পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ‘মিথ্যা ও বিকৃত ইতিহাস’ সংযোজনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সংগঠনের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি নূরুল ইসলাম নাহিদ বুধবার এক বিবৃতিতে বলেন, বর্তমান বিএনপি--জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই অব্যাহতভাবে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে ভুল ও বিকৃত তথ্য এবং মিথ্যা ইতিহাস অর্ন্তভুক্ত করে আসছে। সেই সঙ্গে প্রতিবছর তা আরও বিকৃত ও মিথ্যাচারে ভরে তুলছে।

তিনি বলেন, আমাদের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং এ অধ্যায়ের মহানায়ক স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধূ শেখ মুজিবর রহমানের ভূমিকা সম্পর্কে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে, যা নজিরবিহীন।

বিবৃতি নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার এ সকল জাতিবিরোধী কর্মকাণ্ড কখনই মেনে নেয়া যায় না। তিনি অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের মিথ্যা ও বিকৃত ইতিহাস বাতিল করে সঠিক তথ্য ও ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান।