আইনজীবী সমন্বয় পরিষদের দেশব্যাপী মানববন্ধন বৃহস্পতিবার
বিরোধী দলীয় আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) বৃহস্পতিবার সকালে সারা দেশে একযোগে আইনজীবী সমিতি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
বোমা হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের প্রতি নিন্দা জানাতে এসএএসপি এ কর্মসূচি পালন করতে যাচ্ছে।
সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ চলতে থাকায় এসএএসপি কেন্দ্রীয় মানববন্ধন কর্মসূচির পর ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশ করবে।
এসএএসপি সদস্যসচিব অ্যাড. সুব্রত চৌধুরী বোমা হামলা, উগ্রপন্থি মৌলবাদ ও জঙ্গিদের প্রতিহত করতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি এবং ২৮ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলের কনভেনশন সফল করে তোলার জন্যে বুধবার আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে তিনি বিডিনিউজকে জানান।
সুব্রত চৌধুরী গাজীপুর, ঝালকাঠী, চট্টগ্রাম ও নেত্রকোণায় বোমা হামলায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দানের দাবি জানান।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী এবং পুলিশের ওপর বোমা হামলার প্রতিবাদে প্রতি বৃহস্পতিবার দেশের প্রতিটি আইনজীবী সমিতি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
