২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তব ও কার্যকর ঐক্যই পারে কাংখিত উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করতে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, কাংখিত উন্নয়ন অর্জনে উন্নয়নকমী মানুষের বাস্তবসম্মত ও কার্যকর ঐক্য বাধ্যতামূলক। তিনি বলেন, পরিপূর্ন উন্নয়নের জন্যে উন্নয়নের ধারাবাহিকতা, শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

নগরীর নন্দনকানস্থ কেন্দ্রীয় টেলিফোন ভবনে ৮৩ হাজার লাইনের কলার আইডি সুবিধাবিশিষ্ট নতুন একটি এক্সচেঞ্জ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ঐক্য প্রতিষ্ঠার জন্যে দেশবাসীর প্রতি আহবান জানান।

প্রধানমন্ত্রী বন্দর নগরী চট্টগামে তার সংক্ষিপ্ত সফরকালে অনুষ্ঠান মঞ্চ থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ এর সঙ্গে টেলিফোনে কথা বলে নবগঠিত এক্সচেঞ্জের উদ্বোধন করেন।

তিনি আরও বলেন, এই সেই চট্টগ্রাম যেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে চট্টগামের আধুনিকায়ন এবং নাগরিক সুযোগ সুবিধা প্রদানের এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।

বিশ্বব্যাপী টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং সফটও্যয়ার শিল্পের বিকাশে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বেগম জিয়া বলেন, সঠিক সময়ে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) নীতিমালা প্রণয়ন এই সেক্টরের দ্রুত উন্নয়ন তরান্বিত করেছে। ব্যক্তিগত শিল্প উদ্যেক্তারা তাদের পূঁজি নিয়ে এ সেক্টরে আসতে উৎসাহী।

তিনি বলেন আইসিটি সেক্টরের অবকাঠামোগত উন্নয়নের জন্যে সরকার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গঠন করেছে।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি, টেলিযোগাযোগ মন্ত্রাণালয়ের সচিব হাসান মনসুর, টিএ্যান্ডটি বোর্ডের চেয়ারম্যান আব্দুল মালেক আকন্দ এবং কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক সুং উং।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, তার সরকার জনগণের সুবিধার্থে টিএ্যান্ডটি কলচার্জ অনেক হ্রাস করেছে এবং দেশের সবগুলো জেলাতে স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধার আওতায় এনেছে।

তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ইনফরমেশন টেকনোলজির সুপার হাইওয়েতে প্রবেশ করেছে, যার পরীক্ষামূলক ব্যাবহার বর্তমানে চলছে।

প্রধানমন্ত্রী ও বিএনপি সভানেত্রী আরও বলেন, তার সরকার ক্ষমতা গ্রহণের সময় দেশের মাত্র আটটি জেলায় ইন্টারনেট সুবিধা ছিল, কিন্তু বর্তমানে দেশের ১৭৯টি উপজেলাসহ সবগুলো জেলাকেই এ সুবিধার আওতায় আনা হয়েছে। তিনি বলেন সুশাসন এবং জবাবদিহিতার জন্যে তথ্য প্রযুক্তির অবাধ বিস্তার নিশ্চিত করা প্রয়োজন।

নবগঠিত ৮৩ হাজার লাইনের ডিজিটাল ও কলার আইডি সুবিধা বিশিষ্ট এ টেলিফোন এক্সচেঞ্জটি স্থাপনে মোট ব্যায় হয়েছে ৩৬৮ কোটি টাকা, যার অধিকাংশই দিয়েছে কোরিয়া সরকার এবং সবমিলিয়ে বর্তমানে টেলিফোন লাইনের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪২ হাজারে।