ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন বুধবার, প্রচারণা চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাত্র একদিন আগেও প্রার্থীরা মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন।
সাদা (বিএনপিপন্থী) এবং নীল(আওয়ামীপন্থী) ও গোলাপী (বামপন্থী) এ দু' প্যানেলের শিক্ষকরা নির্বাচনী ইশতেহারসহ প্রচারণার নানা রকম পন্থায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নীল ও গোলাপী দলের ইশতেহারে শিক্ষকদের আবাসিক সমস্যার সমাধান, গবেষণার সুযোগ বৃদ্ধি, শিক্ষক নিয়োগসহ সকল অনিয়ম, দলীয়করণ এবং পক্ষপাতিত্ব প্রতিহত করার প্রতিশ্র“তি দেয়া হয়েছে। এছাড়া, স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন যে কোনোমূল্যে সংরক্ষণ করে মুক্তবুদ্ধি চর্চা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শিক্ষকদের জন্য আরো বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রার্থীরা।
সাদা দলের ইশতেহারে শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি, ইন্টারনেট সুবিধা সহজলভ্য করা এবং শিক্ষকদের বিদেশ গমন এবং বিভিন্ন প্রকার সুযোগ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সাদা প্যানেলে ইংরেজি বিভাগের অধ্যাপক সদরুল আমিন এবং নীল ও গোলাপী প্যানেলে ইতিহাস বিভাগের অধ্যাপক শরীফ উল্লাহ ভুঁইয়া মনোনয়ন পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাদা প্যানেলে নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম এবং নীল দলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান।
নির্বাচন পরিচালনা করবেন বাংলা বিভাগের অধ্যাপক আহমদ কবীর। তিনি জানান এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পনেরশ। সকাল ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবে ভোটগ্রহণ চলবে।
