২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থতা সত্ত্বেও শেখ হাসিনা বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন, মহাসমাবেশে ভাষণ দেবেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অসুস্থতা সত্ত্বেও ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন। সেখানে তিনি ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দেবেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিরোধী দলীয় নেতার কার্যালয় সূত্র বিডিনিউজকে জানায়, শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ৭টায় সুধাসদন থেকে সড়কপথে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। বিকেলে ১৪ দলের মহাসমাবেশে ভাষণ দেবেন। রাতে রাজশাহী সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি।

শেখ হাসিনা পরদিন শুক্রবার সকাল ৮টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।

গত ২২ নভেম্বর ঢাকায় ১৪ দলের কেন্দ্রীয়ভাবে মহাসমাবেশের পর এটি হবে দ্বিতীয় বিভাগীয় মহাসমাবেশ। এর আগে গত ৯ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত হয় ১৪ দলের প্রথম বিভাগীয় মহাসমাবেশ। এরপর পর্যায়ক্রমে সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং দিনাজপুরে (রংপুর অঞ্চল) ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে শেখ হাসিনা শারিরীক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে গত রোববার সন্ধ্যা থেকে পূর্ণ বিশ্রামে রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসকরা আগামী এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিলেও পূর্ব ঘোষিত মহাসমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার তিনি রাজশাহী যাবেন বলে সূত্র জানায়।

এর আগে রাজশাহীর মহাসমাবেশ ছাড়াও চার দিনের সফরে উত্তরাঞ্চল যাওয়ার কথা ছিল শেখ হাসিনার। কিন্তু শারিরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সফরসূচি পরিবর্তন করা হয়।