রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য গড়ে জোটের পতন ঘটিয়ে দেশকে অশুভ শক্তিমুক্ত করতে হবে: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেছেন, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য গড়ে মুক্তিযুদ্ধের চেতনার বৃহত্তর ঐক্যের মাধ্যমে বিএনপি--জামাত জোটের পতন ঘটাতে হবে। প্রগতির পক্ষের শক্তির জাগরণ ঘটিয়ে জঙ্গিবাদ নির্মূল ও জোটকে বিতাড়িত করে অশুভ শক্তির হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের তিন দিনব্যাপী বিজয়ের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘পশু শক্তি রুখো -- শুভ শক্তি জাগো’ এ শিরোনামে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক।
সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, কবি মহাদেব সাহা, আলমগীর কুমকুম, ড. অধ্যাপক সেলিনা আখতার ও ঐক্যজোটের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব উৎসব কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ। সংগঠনের দপ্তর সম্পাদক দেবেন্দ্র মালাকার বিজয়ের সাংস্কৃতিক উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
