২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে ঐক্যের ডাক দিলেন ব্যারিস্টার নাজমুল হুদা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশের আহ্বায়ক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ফোরামের কাউন্সিলকে কেন্দ্র করে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

তিনি তার নেতৃত্বাধীন ফোরামের প্রস্তাবিত ১৯ জানুয়ারির সম্মেলনে সকল অংশকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলের নেতা শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে ওই সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলনে বিভিন্ন নেতার নেতৃত্বে প্যানেল ভিত্তিক নির্বাচন হোক। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতাকেই সকল আইনজীবী মেনে নেবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ঢাকা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম কিবরিয়া ও গোলাম মোহাম্মদ চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

নাজমুল হুদা ফোরামের দ্বিধাবিভক্তি প্রসঙ্গে বলেন, দীর্ঘ ১৪/১৫ বছর একই সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে থাকায় সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছিল। এ অবস্থায় তার নেতৃত্বে সংগঠনকে গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে। তার নেতৃত্বাধীন অংশের সম্মেলনের তারিখ ঘোষণার পর অপর অংশ আগামী ৭ জানুয়ারি সম্মেলনের ঘোষণা দেয়।

তিনি ওই অংশকে পৃথক সম্মেলন না করে দলের নেতার জন্মদিনে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, টিএইচ খান মানুন আর না মানুন, তিনিই আমাদের অভিভাবক। গণতন্ত্রে মতবিরোধ থাকবেই। তারা আসুক, নির্বাচন হোক, আমরা নির্বাচিতদের মেনে নেবো।