হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলার স্থগিতাদেশ খারিজে সরকারের পিটিশন দাখিল
সরকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় খারিজ করার আবেদন জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে।
বিচারপতি তফাজ্জল ইসলাম সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি অবকাশকালীন বেঞ্চ ২২ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে পিটিশনটির শুনানি অনুষ্ঠানের তারিখ ধার্য করেন।
এর আগে ১৪ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল কবির চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ- ২৯ ক্রয় দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাস স্থগিত রাখার আদেশ দেন।
ক্ষমতায় থাকাকালে মিগ- ২৯ ক্রয়ের ক্ষেত্রে দেশের ৭২০ কোটি টাকা লোকসান করার অভিযোগে ২০০১ সালের ১১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেশ কয়েকজন নেতা ও কর্মকর্তার বিরুদ্ধে এ দুর্নীতি মামলা দায়ের করা হয়।
শেখ হাসিনার দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট নিু আদালতে বিচারাধীন এ মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। স্থগিতাদেশের সময়সীমা ২০ নভেম্বর শেষ হয়ে যায়।
পরে ২৩ ও ২৮ নভেম্বর হাইকোর্টের পৃথক দু’টি বেঞ্চ এ স্থগিতাদেশ খারিজ করে আবেদনটি শুনানির কার্যতালিকা থেকে বাদ দেন।
পরবর্তীতে ১৪ ডিসেম্বর আবেদনটি আপিল বিভাগে উত্থাপন করা হয় এবং আদালত এ মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রাজ্জাক খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লাহ পিটিশনটি আদালতে উত্থাপন করেন। অপরদিকে শেখ হাসিনার পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
