জঙ্গিবাদের দোসর খালেদা--নিজামীর সরকার উৎখাতে শেখ হাসিনার নেতৃত্বে গণঅভ্যুত্থানে অংশ নিন: তোফায়েল
জঙ্গিবাদের দোসর খালেদা--নিজামীর সরকারকে উৎখাত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরো একটি গণঅভ্যুত্থানে অংশ নেয়ার আহবান জানালেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ।
রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা পার্কে ১৪ দল আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এ আহবান জানান। তিনি বলেন, খালেদা--নিজামীর পতন ছাড়া আমরা ঘরে ফিরবোনা। তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিক রেখে নির্বাচন হতে দেওয়া যাবেনা।
তিনি বলেন, ৭১’র হত্যাকারীরা আজ রাষ্ট্র ক্ষমতায়। তারা ৭১’র পরজয়ের প্রতিশোধ নিচ্ছে। জেএমবি খালেদা--নিজামীর সৃষ্টি। সে কারণে জোট সরকার শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইকে গ্রেপ্তার করবে না। খালেদা--নিজামীর চক্রান্তে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছে। তিনি প্রশ্ন করেন, এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম?
জেলা আওয়ামীলীগের আহবায়ক ব্রিগেডিয়ার (অব.) এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, গণআজাদীলীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, আওয়ামীলীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টি নেতা মাহবুবুর রহমান বাবু, গণফোরাম নেতা এমএ রউফ, অ্যাড. আব্দুস সবুর প্রমুখ।
