দ্বিপক্ষীয় ও যৌথ আলোচনার মাধ্যমে পানি সমস্যার সমাধান করতে হবে: কোলকাতায় আব্দুর রাজ্জাক
দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যৌথ আলোচনার মাধ্যমে এ অঞ্চলের পানি সমস্যার সমাধান করতে হবে।
‘ইন্টারন্যাশনাল ইনিস্টিটিউট অব বাংলা বেসিন’ আয়োজিত অষ্টম আন্তর্জাতিক পানি সমস্যা ও তার সমাধানের পথ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি এ কথা বলেন। পশ্চিমবঙ্গের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মিলানায়তনে গতকাল এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গ বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জল গবেষণা প্রকল্পের মূখ্য বৈজ্ঞানিক ড. এ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আব্দুর রাজ্জাক সুন্দরবনের বনায়ন রক্ষা, আর্সেনিক দূষণ থেকে রক্ষা ও সমুদ্রের জলোচ্ছাসসহ পরিবেশগত বহুবিধ সমস্যা থেকে এ অঞ্চলকে রক্ষার জন্য আঞ্চলিক সহযোগিতার উপর জোরারোপ করেন।
তিনি বলেন, নেপালে জলাধার নির্মাণ করলে একদিকে নেপাল, ভারত ও বাংলাদেশের পানি সমস্যার সমাধান হবে অপরদিকে জলবিদুৎ উৎপাদন করে বিদ্যুৎ সমস্যারও সমাধান করা সম্ভব হবে।
সেমিনারে ‘ইন্টারন্যাশনাল ইনিস্টিটিউট অব বাংলা বেসিন’ এর চেয়ারম্যান অধ্যাপক ড. রাস বিহারী বোস বাংলা বেসিন এর উপদেষ্টা হিসেবে আব্দুর রাজ্জাক এমপিকে কাজ করার জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
