২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আহত আইনজীবীদের চিকিৎসার্থে প্রত্যেককে ১০ হাজার টাকা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

গাজীপুরে বোমা হামলায় আহত আইনজীবীদের চিকিৎসার জন্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) শনিবার প্রত্যেককে ১০ হাজার টাকা করে সাহায্য দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এছ্ড়াা সরকারের পক্ষ থেকে গাজীপুর, ঝালকাঠী, চট্টগ্রাম ও নেত্রকোণায় বোমা হামলায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবী সমিতি নেতৃবৃন্দ। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম এ দাবি জানান।

তারা বোমা হামলায় আহতদের আরও উন্নত সেবা প্রদানের জন্যে বিদেশে পাঠানোরও দাবি জানান।

এসসিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ বৃহস্পতি ও শুক্রবার গাজীপুরের বিভিন্ন হাসপাতালে বোমায় আহত অবস্থায় চিকিৎসারতদের  দেখতে যান এবং চিকিৎসার জন্যে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা প্রদান করেন।

আহত আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট নাদিরা বেগম, অ্যাডভোকেট জেবুন্নেসা, অ্যাডভোকেট আনিসুর রহমান কাজল, অ্যাডভোকেট খুরশিদ আলম এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আইনজীবী হওয়া সত্ত্বেও আহত আইনজীবী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা না করার জন্যে এসসিবিএ নেতৃবৃন্দ আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রতি নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এসসিবিএ সহসভাপতি শাহ জহিরুল ইসলাম এবং মইনুল ইসলাম চৌধুরী, সহকারী সম্পাদক মোহাম্মদ সেলিম ও শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।