২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ও রাজাকারমুক্ত বাংলা গড়তে ঐক্যবদ্ধ হোন: বিজয় মিছিলপূর্ব আ.লীগের সমাবেশে নেতৃবৃন্দ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বিশাল বর্ণাঢ্য বিজয় মিছিল করেছে। মিছিল পূর্ব সমাবেশে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জঙ্গি রাজাকার আল বদরদের প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তিকে রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সোনার বাংলা গড়তে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে বিজয় মিছিলটি শেষ হয় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে।

দুপুর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে সমবেত হতে শুরু করেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল চারটায় মিছিল শুরু হয়।

সর্বস্তরের নারী পুরুষ জনতা উৎসব মুখর পরিবেশে ঢাক ঢোল ও বাদ্য বাজনা বাজিয়ে এবং জোট সরকার ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে।

মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি, দলীয় প্রতীক নৌকা, নানান স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার বহন করে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হানিফ, ওবায়দুল কাদের, মুকুল বোস, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সাজেদা চৌধুরী বলেন, একাত্তরের পরাজিত অপশক্তি ও ঘাতকরা আজ রাষ্ট্রক্ষমতায়। ওরা আমাদের পবিত্র সংবিধানকে ক্ষতবিক্ষত করছে। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকাকে বদলানোর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ক্ষমতাসীন জোট দেশের মানুষের সম্পদ লুটেপুটে খাচ্ছে। অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ দিশেহারা। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এই অশুভ শক্তিকে প্রতিরোধ করে বাংলাদেশকে রাজাকার মুক্ত করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো।

আব্দুল জলিল বলেন, স্বাধীনতার পরাজিত অপশক্তির গাড়িতে বাড়িতে মুক্তিযুদ্ধের রক্তে ভেজা পতাকা উড়ছে। আলবদর প্রধান নিজামীরা আজ রাষ্ট্র ক্ষমতায়।

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন বিজয়ের এই দিনে দেশকে জঙ্গি ও রাজাকারমুক্ত করার নতুন শপথ নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির চলমান আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে যাই।