২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার কার্যবিবরণীর ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আদালতে আবেদন জানানোর প্রেক্ষিতে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি আমিরুল কবির চৌধুরী মামলাটির কার্যক্রম স্থগিতাদেশের এ আদেশ দেন।

শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ২০০১ সালের ১১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় দুর্নীতি মামলাটি দায়ের করা হয়।

এর আগে হাইকোর্ট মামলার শুনানিতে মামলাটির কার্যক্রম স্থগিত করেছিলেন এবং মামলাটি কেন বাতিল করা হবে না-এ মর্মে কারণ দর্শানোর জন্য আদালত সরকারের উপর একটি রুল জারি করেছিলেন। হাইকোর্টের স্থগিতাদেশের সময়সীমা ২০ নভেম্বর শেষ হয়।

মামলার বিবরণীতে জানা যায়, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ও অন্যরা মিগ-২৯ ক্রয়ের ক্ষেত্রে ৭২০ কোটি টাকার লোকসান দিয়েছেন।

শেখ হাসিনার পক্ষের কৌসুলিদের দাবির প্রেক্ষিতে ২৩ নভেম্বর বিচারপতি শরিফুদ্দিন চাকলাদার ও বিচারপতি এএফএম আলী আসগারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চটি স্থগিতাদেশ খারিজ করে দেন এবং আবেদনটি শুনানির কার্যতালিকা থেকে বাদ দেন।

বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অপর একটি বেঞ্চ ২৮ নভেম্বর আবেদনটি শুনানির কার্যতালিকা থেকে বাদ দেন।

সে সময় আদালত অভিযুক্তদের পক্ষের কৌসুলিদের জানান, যেহেতু হাইকোর্টের আগের একটি বেঞ্চ আবেদনটি শুনানির কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন, সেহেতু বিষয়টি নিয়ে আপিল বিভাগের শরণাপন্ন হওয়া উচিত ছিল।

আপিল বিভাগের শুনানিতে বুধবার আবেদনটি উল্লেখ করা হয়। ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ অভিযুক্তদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।