২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সাথে সিপিবি ও গণফোরাম নেতৃবৃন্দের সাক্ষাৎ

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সুধাসদনে বিরোধী দলীয় নেতার বাসভবনে দীর্ঘ বৈঠক শেষে কামাল হোসেন অপেক্ষমান সাংবাদিকদের বলেন, কীভাবে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করা যায় এবং ঐক্যবদ্ধভাবে কীভাবে সকলে মিলে দেশটাকে রক্ষা করা যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। 

প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণ এবং এ ব্যাপারে ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর চিঠির উত্তর নিয়ে আলোচনা হয়েছে কি--না, এ প্রশ্নের জবাব এড়িয়ে যান গণফোরাম নেতা।

এদিকে এর আগে গণফোরাম ও বামদলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দল প্রধানমন্ত্রীর চিঠির উত্তর দেওয়ার সিদ্ধান্ত নেয়।

খসড়া চিঠিতে বলা হয়েছে, জামাতসহ বিএনপির ভেতরে থাকা জঙ্গিদের পৃষ্ঠপোষকদের সরকার থেকে বহিষ্কার করতে হবে। চিঠির খসড়াটি শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে।

কামাল হোসেন সাংবাদিকদের জানান, অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে ১৪ দলের ২২ নভেম্বরের মহাসমাবেশ থেকে ঘোষিত জাতিকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নেত্রীর সাথে আলোচনা হয়েছে।

তিনি বলেন, গোটা জাতি এখন নিরাপত্তা--সংকট এবং ভীতির মধ্যে রয়েছে। চলমান আন্দোলন শক্তিশালী করার মাধ্যমে আমরা এ পরিস্থিতি মোকাবেলা করব।

এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম শেখ হাসিনার সাথে আধা ঘন্টার একটি বৈঠক করেন।

বৈঠক শেষে মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের জানান, ১৪ দলের সাথে চলমান আন্দোলন শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে সিপিবি যোগ দেবে কি--না, এ প্রশ্নের উত্তরে সেলিম বলেন, আমাদের মতের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তবে এখনও সুযোগ শেষ হয়ে যায়নি।

সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রীর চিঠি প্রসঙ্গে তিনি বলেন, সংলাপের আয়োজন ষড়যন্ত্রের একটি অংশ।

তিনি বলেন, আমরা সংলাপের জন্যে অপেক্ষা করছি না। বরং কখন জঙ্গিদের পৃষ্ঠপোষক নিজামী ও তার মতো অন্যদের মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে কারাগারে পাঠানো হবে, আমরা তার জন্যে অপেক্ষা করছি।