জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগকে জড়ানোর অভিযোগ
যুবলীগ অভিযোগ করেছে, সরকার জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান সরকারের হেফাজতে অত্যন্ত নিরাপদে আছেন। তাকে দিয়ে সাজানো জবানবন্দি রেকর্ড করানো হচ্ছে। এটি সহসাই গণমাধ্যমে প্রচার করা হবে। জঙ্গি তৎপরতার সঙ্গে যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপিকে জড়ানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা আজম লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।
মির্জা আজম বলেন, অত্যন্ত পীড়াদায়ক হলেও সত্য, শায়খ আব্দুর রহমান আমার ভগ্নিপতি। কিন্তু দীর্ঘদিন ধরে তার সাথে আমার এবং আমার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ১৯৯৬ সালে সার কেলেঙ্কারির সাথে শায়খ রহমান জড়িত থাকার কারণে তার সঙ্গে আমাদের সম্পর্ক চ্ছিন্ন হয়।
তিনি বলেন, জঙ্গি হামলার সঙ্গে প্রতিবেশী দেশ ও আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণ করার জন্য নেত্রকোনায় নিহত সংখ্যালঘু যুবক যাদবকে আত্মঘাতী হিসেবে প্রমাণ করার ‘বাবরীয় নাটক’ আমল পায়নি।
তিনি আরো বলেন, শায়খ রহমানের সঙ্গে আমার আত্মীয়তার সুযোগ নিয়ে আওয়ামী লীগকে জড়ানোর আরেকটি নতুন নাটক শুরু হয়েছে।
মির্জা আজম বলেন, আমার দুর্ভাগ্য রাষ্ট্রদ্রোহী জঙ্গিনেতা আমার আত্মীয়। তিনি রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী হিসেবে শায়খ রহমানের শাস্তি দাবি করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতার কারণে জোট সরকার যখন মারাত্মক বিপর্যয়ের মুখে, ঠিক তখন তারা স্বভাবসুলভভাবে আবারো রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
