২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজন হত্যা মামলায় রওশন আলমের জামিনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে বাতিল

শাহজাহান হাওলাদার সুজন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাসীন বিএনপির সাবেক সংসদ সদস্য ড. রওশন আলমকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করার আদেশ সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ড. রওশন আলমের দায়ের করা একটি আপিল আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি বেঞ্চ সোমবার এ রায় দেন।

২০০১ সালের ৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে দু’বার নির্বাচিত বিএনপির সাংসদ শাহজাহান হাওলাদার সুজনকে ঢাকা থেকে অপহরণ এবং পরে হত্যা করা হয়।

পরবর্তীতে এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ঢাকার চার নম্বর দ্রুত বিচার আদালত ড. রওশন আলমকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

বিচারপতি আবদুর রশিদ ও বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ চলতি বছর ১০ মে ড. রওশন আলমকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

পরে সরকার এ ব্যাপারে একটি আপিল আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন।

ড. রওশন আলমের পক্ষে আদালতে আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট টিএইচ খান।