বোমা হামলা তদন্তে আ.লীগ জাতিসংঘে চিঠি দেবে, নয়া ভোটার তালিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে: হাসিনা
দেশে জঙ্গিবাদ, বোমা হামলাসহ সকল সন্ত্রাসী ঘটনা তদন্তে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে আওয়ামী লীগ। এছাড়া সরকারের নতুন ভোটার তালিকা প্রণয়নের ‘বেআইনি’ উদ্যোগের বিরুদ্ধে বিরোধী দল আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন।
খুলনা ও টুঙ্গিপাড়ায় দু’দিনের সফর শেষে ঢাকা ফেরার পথে মাওয়া ফেরিতে এ ব্রিফিংকালে তিনি বলেন, জাতিসংঘের তদন্ত করার নজির বিশ্বে রয়েছে। লেবাবনের মতো বাংলাদেশেও জাতিসংঘ দলের মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস ও বোমাবাজির ঘটনা তদন্ত করতে হবে।
বিরোধী দলীয় নেতা বলেন, সরকারেরই এ উদ্যোগ নেয়া উচিত। কিন্তু জোট সরকারই যেহেতু আতœঘাতী বাহিনী (সুইসাইডাল স্কোয়াড) সৃষ্টি করেছে। জঙ্গিবাদ, বোমাবাজি ও সন্ত্রাসের সঙ্গে তারাই সরাসরি জড়িত। তাই এ সরকার হয়তো এ উদ্যোগ না--ও নিতে পারে।
শেখ হাসিনা বলেন, জোট দুঃশাসনে বিক্ষুব্ধ জনগণের রুদ্ররোষ থেকে বাঁচতে ও অবাধ সুষ্ঠু নির্বাচন বানচাল করতে দেশ পরিচালনায় সর্ব ক্ষেত্রে ব্যর্থ বিএনপি জামাত জোট জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই দেশে আতœঘাতী বাহিনী সৃষ্টি করে বোমাবাজি ও সন্ত্রাস চালাচ্ছে। জনজীবনে নিরাপত্তাহীনতা ও অশান্তি সৃষ্টি করছে। রাষ্ট্রের সকল ‘মেশিনারিজ’ ব্যবহার করেই এ বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
জামাত সরকারের সরাসরি মদদে বিভিন্ন নামে বাহিনী তৈরি করে আতœঘাতী বোমা হামলা চালাচ্ছে-- এ অভিযোগ করে তিনি বলেন, যারা এসব বোমা হামলা করছে ও করাচ্ছে-- দু’পক্ষই দোষী।
প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ধর্মভিত্তিক রাজনীতির কুফল এখন মানুষ টের পাচ্ছে। দেশকে তারা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ প্রধান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সন্ত্রাস, দুর্নীতি ও অপকর্মের কারণে দেশের মানুষ জোট সরকারের ওপর ক্ষেপে গেছে। ওরা জানে, জনগণ ওদের আর ভোট দেবে না। তাই বোমা হামলা ও সন্ত্রাস করে এখন তারা দেশে আতংক সৃষ্টি ও জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। কিন্তু সরকারের এ সকল অশুভ চক্রান্ত সফল হবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আমরা অবশ্যই জয়ী হবো।
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট আগামী নির্বাচনে ভোট কারচুপির সকল ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। সরকারের নির্দেশে সিইসি’র একক সিদ্ধান্তে আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের বাদ দিয়ে সরকার একটি ভুয়া ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। হাওয়া ভবনে এমন একটি তালিকা ইতোমধ্যেই প্রস্তুত করা আছে বলে জেনেছি। এখন খরচ হিসেবে বরাদ্দ করা ১৬৪ কোটি টাকা লুটে পুটে খেতেই এ ভুয়া ভোটার তালিকা তৈরির ষড়যন্ত্র।
নতুন ভোটার তালিকা তৈরির এ প্রক্রিয়াকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, আইনজীবীরা এ ব্যাপারে কাজ করছে। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চেষ্টা করবো।
অপর এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে সকল বোমা হামলার তদন্ত করা হয়েছিল। জোট সরকার ক্ষমতায় এসে তদন্ত কাজ স্থগিত করে দেয়। উল্টো ৭০ হাজার সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে ছেড়ে দেওয়া হয়। উদীচী বোমা হামলার চার্জশিটভুক্ত আসামি তরিকুল ইসলামকে মন্ত্রী করা হয়েছে। সন্ত্রাস, ডাকাতি, দুর্নীতিসহ নানা অপকর্মের হোতাদের মন্ত্রী এমপি বানানো হয়েছে।
তিনি বলেন, আমাদের সময়ের তদন্ত রিপোর্টগুলো দেখলেই বোঝা যাবে, কারা অপরাধী। অবশ্য আমি বলার পরে সরকার সেগুলো ধ্বংস করে ফেলে কিনা!-- শংকা প্রকাশ করেন তিনি।
সরকারের বিরুদ্ধে দলীয় সন্ত্রাসী ক্যাডার, অপারেশন ক্লিনহার্ট, র্যাব ও শেষে জঙ্গিদের দিয়ে মানুষ হত্যার অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, দুর্নীতি করে কামানো অগাধ অর্থ সম্পত্তি রক্ষা, নির্বাচন বানচাল ও বিক্ষুব্ধ জনগণের রুদ্ররোষ থেকে বাঁচতেই সরকার এসকল ষড়যন্ত্র ও অপকর্ম করছে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ ও নূর ই আলম চৌধুরী লিটন এমপি এসময় উপস্থিত ছিলেন।
