২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে কোনও সরকার আছে বলে মনে হয় না: রাজশাহীতে আব্দুল জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল এমপি বলেছেন, বর্তমানে দেশে কোনও সরকার আছে বলে মনে হয় না। রাজশাহীতে শনিবার অনুষ্ঠিত ১৪ দলের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

তিনি বলেন, প্রকৃতপক্ষে দেশে জনগণের জন্যে কোনও সরকার থাকলে সব ক্ষেত্রে এতোটা নৈরাজ্য সৃষ্টি হতো না। তিনি বর্তমান সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দেন এবং তাদের ব্যর্থতার জন্য দায়ী করনে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে সহযোগিতা করার অভিযোগে তিনি অনতিবিলম্বে জোট সরকারের পদত্যাগ দাবি করেন।

রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ২২ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠেয় মহাসমাবেশকে সফল করার উদ্দেশ্যে আয়োজিত সভায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, আবদুল মান্নান, কৃষক লীগের সভাপতি মির্জা এমএ জলিল, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কেন্দ্রীয় নেতা রেজাউল করিম, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য রণেশ মৈত্র, আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের রাজশাহী অঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।

২২ ডিসেম্বরের মহাসমাবেশ সফল করার জন্যে এ সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামানকে আহবায়ক করে ১৪ দলের ১১ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।