২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি প্রধানমন্ত্রীর ঘরে: সংলাপের নাটক নয়, মানুষ জঙ্গি জোটের হাত থেকে মুক্তি চায়: ঐক্যের আহ্বান জানিয়ে হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, স্বয়ং প্রধানমন্ত্রীর ঘর, দল ও জোটের মধ্যেই জঙ্গি সন্ত্রাসী রয়েছে। তার মন্ত্রিসভা ও দলের মধ্যে সংলাপ করেই তিনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বুধবার পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ সংলাপের নাটক চায়না, চায় জঙ্গিবাদ ও সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্তি। এই জঙ্গি সরকারকে ক্ষমতায় রেখে মানুষ শান্তি ও নিরাপত্তা পাবেনা। জোট দুঃশাসন ও জঙ্গিবাদের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংষ্কার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় করতে হবে।

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জঙ্গিবাদের উত্থান: বিপন্ন বাংলাদেশ: সংকট মুক্তির উপায়’ শীর্ষক এ মতবিনিময় সভায় দেশের প্রথিতযশা শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীসহ পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, আব্দুর রাজ্জাক এমপি, তোফয়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনুু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, গণফোরাম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়াসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।