২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর উপনির্বাচনে জামাতের ভরাডুবিতে বিএনপি চিন্তিত

দিনাজপুর-১ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে জামাতের প্রার্থীর ভরাডুবির পর বিএনপির শীর্ষ নেতাদের টনক নড়েছে। তারা এ পরাজয়কে চার দলীয় জোটের জন্যে একটি অশুভ সংকেত বলে মনে করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রাজনীতিতে নতুন হিসাব কষতে শুরু করেছে ক্ষমতাসীন জোট।

সোমবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল বিপুল ব্যবধানে চারদলীয় জোট সমর্থিত জামাত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লাকে পরাজিত করেন।

গত ১২ সেপ্টেম্বর জামাতের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল কাফীর মৃত্যুর পর আসনটি শূণ্য হয়। প্রধান বিরোধী দল আওয়ামী লীগ উপ নির্বাচন বয়কট করলেও দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী মনোরঞ্জন শীল গোপালকেই সমর্থন দেন। যার ফলে ৬২ হাজার ৪০১ ভোটের ব্যবধানে জয় পন তিনি।

এ আসনে ২০০১ সালের সাধারণ নির্বাচনে কাফী আওয়ামী লীগের আব্দুর রউফ চৌধুরীকে ৩০ হাজার ভোটে পরাজিত করেছিলেন।

এলাকার জনগণের মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতি সমর্থন থাকলেও আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের কারণে আসনটি হাতছাড়া হয় তাদের। তবে এ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয় দিনাজপুরের রাজনীতিতে নতুন ধারা যোগ করেছে। এবং জাতীয় রাজনীতিতে এটি একটি বিশেষ সংকেত হিসেবে দেখা হচ্ছে।