জঙ্গিদের শাস্তি দিতে মন্ত্রিপরিষদে সংলাপ করুন, এ জন্যে বিরোধী দলের প্রয়োজন হবে না: প্রধানমন্ত্রীর প্রতি ১৪ দল
মন্ত্রিপরিষদের মধ্যে সংলাপ করে জঙ্গিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছে ১৪ দল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি মঙ্গলবার রাতে লিয়াজোঁ কমিটির এক জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জঙ্গি সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের। ওদের শাস্তি দেওয়ার জন্যে আমাদের সঙ্গে সংলাপের কোনও প্রয়োজন নেই। সমস্ত প্রশাসন যন্ত্র তো সরকারের হাতে। এ জন্যে বিরোধী দলের সঙ্গে সংলাপেরও কোনও প্রয়োজন নেই। কেননা দেশবাসীই চাচ্ছে, জঙ্গিদের প্রতিরোধ করা হোক। ওই জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কুণ্ঠা কোথায়? সরকার তাদের শাস্তি দিলে তো আর আমরা বিরোধিতা করবো না।
প্রধানমন্ত্রীর চিঠি গ্রহণ না করার কারণ হিসেবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী মঙ্গলবার দুপুরে বিরোধী দলীয় নেতা বরাবর প্রধানমন্ত্রীর একটি চিঠি পাঠানোর বিষয়ে আমাকে টেলিফোন করেছিলেন। আমি তাকে জানিয়েছিলাম, সার্ক সম্মেলনের চিঠি যেভাবে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে পাঠিয়েছিলেন, সেভাবেই সংসদের ঠিকানায় পাঠিয়ে দিন। আমরা পরে তা সংগ্রহ করে নেব। কিন্তু আমার পরামর্শ অনুযায়ী তা না পাঠিয়ে একজন এপিএসকে দিয়ে সাংবাদিক ও পুলিশসহ লটবহর নিয়ে চিঠি পাঠানোর নামে নাটক করা হয়েছে। আসলে এ চিঠি ও সংলাপের কথা বলে দেশবাসীর মধ্যে বিভ্রান্তি ও ধুম্রজাল সৃষ্টি করতে চায় সরকার। এর মধ্যে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আব্দুল জলিলের মতিঝিলের বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এ সভায় সভাপতিত্ব করেন গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণফোরাম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, প্রেসিডিয়াম সদস্য পংকজ ভট্টাচার্য, অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
