সারাদেশে ১২ জঙ্গি গ্রেপ্তার, টাঙ্গাইলে ১৭ আগস্ট হামলায় জড়িত তিনজনের আত্মসমর্পণ
দেশের বিভিন্ন স্থান থেকে র্যাব ও পুলিশ জঙ্গি সন্দেহে দুই জামায়াত শিবির কর্মীসহ আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে টাঙ্গাইলে ১৭ আগস্ট বোমা হামলার অভিযোগে চার্জশিটভুক্ত তিন আসামী মঙ্গলবার স্থানীয় আদালতে আত্মসমর্পণ করেছে। এরা হচ্ছে : হাবিল (২০), আহাদ (২২) ও রোস্তম (২৪)। আদালত তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে জেল-হাজতে পাঠিয়েছে।
বিডিনিউজের ভোলা প্রতিনিধি জানান, চরফ্যাশন থানা পুলিশ সোমবার রাতে স্থানীয় নূরাবাদ মহিলা মাদ্রাসা মাঠ থেকে জঙ্গি সন্দেহে দুই জামায়াত-শিবির কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এরা হচ্ছে জামায়াত কর্মী আলমগীর (৩৫) ও শিবির কর্মী সফিক (২৫) এবং বোমাবাজ হিসেবে চিহ্নিত নূরউদ্দিন (৩২)।
স্থানীয় একটি মাদ্রাসায় জামায়াত-শিবির কর্মীদের লাঠি প্রশিক্ষণের তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আটকের পর থেকে স্থানীয় প্রভাবশালীরা দুই জামায়াত ও শিবির কর্মীকে ছাড়িয়ে নিতে তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের ছেড়ে না দিয়ে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল।
বিডিনিউজের টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেএমবি সন্দেহে র্যাব মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা আহলে হাদিস মসজিদের ইমাম সাইফুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে।
একই দিন পুলিশ নিরালার মোড়ের সীমান্ত হোটেল থেকে মাদারীপুরের জাকির হাওলাদার (৩৫) ও চাঁদপুরের দীঘলিয়াপাড়া গ্রামের শামীম গাজীকে (৩৬) গ্রেপ্তার করে।
এদিকে টাঙ্গাইলের নাগরপুরে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্য শহিদ মিয়া (২১) ও তার সহযোগী আব্দুল আউয়ালকে (৩০) স্থানীয় এলাকাবাসীর সহায়তায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটকের পর শহীদ নিজেকে জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
বিডিনিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলার ফতুল্লা থানা পুলিশ মঙ্গলবার বিকেলে নেছারুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার ধর্মপুর গ্রামে।
পুলিশ জানায়, গত ২১ নভেম্বর নেছার ঠাকুরগাঁও থেকে পালিয়ে ফতুল্লায় গিয়ে গার্মেন্টসের চাকরি নেয়। এর আগে সে এলাকায় মুদির দোকান করতো।
তার সাথে জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ থাকতে পারে বলে পুলিশ জানায়।
বিডিনিউজের সাতক্ষীরা প্রতিনিধি জানান, পুলিশ মঙ্গলবার সকালে স্থানীয় বাস টার্মিনাল থেকে জঙ্গি সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে। তারা বাস টার্মিনালে সন্দেহজনক ঘোরাফেরা করছিল বলে পুলিশ জানায়।
তিন যুবক হচ্ছে : শরিয়তপুরের নরিয়া এলাকার মামুনুর রহমান (২৪), সিলেট জকিগঞ্জের মাসুদ আহমেদ (২২) ও জামালপুরের মিয়াপাড়ার আমানউল্লাহ (২৬)।
জিজ্ঞাসাবাদে তার পুলিশকে জানায়, সোমবার তারা ভোমরা এলাকার মাওলানা হাবিবুর রহমানের বাসায় বেড়াতে আসে।
