আ’লীগ জেএমবি’র পৃষ্ঠপোষক: ছাত্র শিবির
জেএমবি এবং আওয়ামী লীগ এক ও অভিন্ন সত্তা। আওয়ামী লীগই বোমাবাজদের পৃষ্ঠপোষক। তারাই জঙ্গিদের সাহায্য করছে।
স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন ইসলামী ছাত্র শিবির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘জেএমবির বোমা হামলা এবং আওয়ামী লীগের অব্যাহত মিথ্যাচারের’ প্রতিবাদে ছাত্র শিবির এ সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, অফিস সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিবির সভাপতি সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ নিজেদের দোষ আড়াল করার জন্য শিবিরকে দোষারোপ করছে।
তিনি বলেন, আত্মঘাতী জঙ্গি রাজ্জাক আওয়ামী লীগের কর্মী । তার বংশের সবাই লীগপন্থি।
তিনি শিবিরকে ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী আখ্যায়িত’ করে বলেন, এক মাসের মধ্যে আওয়ামী লীগ নিজেদের দোষ স্বীকার না করলে কঠোর কর্মসুচী গ্রহণ করা হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামী লীগ ও জঙ্গিবাদীদের আচরণের মধ্যে সাদৃশ্য খুঁেজ পাওয়া যায়। জঙ্গিরা যেভাবে কারো সঙ্গে সংলাপে বসতে চায় না, তেমনি আওয়ামী লীগও সংলাপে বসতে চায় না।
লিখিত বক্তব্যে ছাত্র শিবির সম্পর্কে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভার তথ্যকে ‘পাগলের প্রলাপ’ বলে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, ছাত্র শিবিরের সাথে জড়িতদের পারিবারিক যোগসাজস খুঁজলেও কাউকে উগ্র বা অগণতান্ত্রিক হিসেবে খুঁজে পাওয়া যাবে না।
লিখিত বক্তব্যে জেএমবির সহযোগি হিসেবে আওয়ামী লীগের সাহায্যকারী বিভিন্ন স্থানীয় নেতাকর্মীদের নামের তালিকা দেওয়া হয়।
