২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগকে ধ্বংস করছে: আ. জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, জোট সরকার আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগকে ধ্বংস করছে। ফলে গণতন্ত্র এখন হুমকির মুখে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রোববার মেহেরপুর ডা. সামসুজ্জোহা পার্কে ১৪ দল আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা ব্যারিস্টার আমির--উল ইসলাম, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।

আব্দুল জলিল আরো বলেছেন, জাতীয় জীবনে সন্ত্রাস ছড়িয়ে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে খালেদার পরিবার।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সকল ক্ষেত্রে দলবাজী করে অর্থের পাহাড় গড়ে তুলেছে খালেদা জিয়ার সরকার। তাই শুধুমাত্র এই সরকারকে অপসারণ করেই ক্ষান্ত হব না বরং খালেদা জিয়ার ফাঁসি দাবি করা হবে।