আইজির বক্তব্য ধৃষ্টতাপূর্ণ ও দায়িত্বহীন
পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা সিরাজ সিকদারের সন্তানরা মহাপুলিশ পরিদর্শকের (আইজিপি) বক্তব্য প্রত্যাখান করেছেন।
রোববার এক বিবৃতিতে প্রয়াত সিরাজ সিকদারের সন্তান শিখা সিকদার ও শুভ্র সিকদার বলেন, সিরাজ সিকদারকে ধর্মীয় ফ্যাসিবাদীদের সাথে তুলনা করে আইজিপি ধৃষ্টতাপূর্ণ ও দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, সরকারের প্রকাশিত স্বাধীনতা যুদ্ধের ইতিহাস গ্রন্থেও মহান মুক্তিযোদ্ধা সিরাজ সিকদারের অবদান লিপিবদ্ধ রয়েছে।
তারা বলেন, বিএনপি ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন সময় বলেছেন, সিরাজ সিকদার হত্যার বিচার করা হবে। এমন কি তারা এ কথাও বলেছেন, শেখ মুজিব হত্যার বিচারের আগে সিরাজ সিকদার হত্যার বিচার হওয়া উচিত।
বিবৃতিতে সিরাজ সিকদারের সন্তানদ্বয় বলেন, সিরাজ সিকদারের আদর্শের সঙ্গে জঙ্গিবাদীদের কোনও মিল নেই। তাই আমরা আশা করবো, আইজিপি তার বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকার করবেন। অন্যথায় তার পদত্যাগের আন্দোলন গড়ে তুলতে আমরা জনগণকে আহ্বান জানাবো।
