২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার প্রতিবাদে আইনজীবীদের মিছিল--সমাবেশে উত্তাল সারা দেশের আদালত প্রাঙ্গণ

গাজীপুর ও চট্টগ্রামে ২৯ নভেম্বরের বোমা হামলার প্রতিবাদে রোববার দেশের আদালত প্রাঙ্গণগুলো আইনজীবীদের মিছিল--সমাবেশে উত্তাল ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সালিম বিডিনিউজকে বলেন, এসসিবিএর আহ্বানে সাড়া দিয়ে আইনজীবীরা দেশের অধিকাংশ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আদালত প্রাঙ্গণে বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল শেষে এসসিবিএ তাদের অব্যাহত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়।

এ কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এসসিবিএ এক প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম।

সভায় বক্তারা দেশ পরিচালনায় ব্যর্থতার দায়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।

জঙ্গি ইস্যুতে সরকারের সংলাপের আহ্বানকে ভাওতাবাজি উল্লেখ করে অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, জঙ্গিদের সাথে সরকারি দলের নেতা--কর্মীদের সংশ্লিষ্টতা আড়াল করতেই তারা এ সংলাপের আয়োজন করেছে।

তিনি বলেন, সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কার বিষয়ে আলোচনা হতে পারে। তবে জঙ্গি ইস্যুতে সরকারের সাথে আলোচনা হতে পারে। কেননা তারা নিজেরাই জঙ্গিদের সাথে জড়িত।

এসসিবিএ নেতৃবৃন্দ গাজীপুর, চট্টগ্রাম ও ঝালকাঠিতে বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট ওজায়ের ফারুক, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট কেএম সাইফুদ্দিন, এসসিবিএ’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সালিম ও অ্যাডভোকেট এএসএম মেজবাহ উদ্দিন।