দিনাজপুর উপনির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, সোমবার ভোট গ্রহণ
দিনাজপুর- ১ আসনের সোমবারের উপনির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সরকার প্রশাসনিকভাবে সকল নিরাপত্তা প্রস্তুতিও গুছিয়ে এনেছে।
উপনির্বাচনের মোট ১২২টি ভোটকেন্দ্রে দুই লাখ ৩১ হাজার ২৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
স্থানীয় প্রশাসন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সেনাবাহিনী, বিডিআর, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর ৩৬০ জন সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করেছে। নির্বাচন চলাকালে ছয়জন অতিরিক্ত জেলা প্রশাসক, ১২জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৪০ জন ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিডিআর, র্যাব, পুলিশ, আমর্ড পুলিশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ভ্রাম্যমান টিম হিসেবে সার্বক্ষণিক পর্যবেক্ষণের কাজ করবেন। এসময় তাদের সাথে থাকবে মেটাল ডিটেক্টর, ওয়ারলেস এবং মোবাইল ফোন। নির্বাচনে জালভোট প্রদানকারীসহ অন্যান্য অপরাধীদের তাৎক্ষনিক বিচারের জন্য ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবেন।
দিনাজপুর উপনির্বাচনে মোট ছয়জন প্রর্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আফতাব উদ্দিন মোল্লা (দাঁড়িপাল্লা), মনোরঞ্জন শীল গোপাল (হুক্কা), আব্দুল মালেক সরকার (লাঙ্গল), নাসিরুল হক রুস্তম (ফুটবল), শিবলী সাদিক (কাপপিরিচ), মোহাম্মদ সাদেক (মোরগ)।
গত ১২ সেপ্টেম্বর চারদলীয় ঐক্যজোটের সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কাফীর মৃত্যুতে আসনটি শুণ্য হয়।
