জঙ্গিবাদের স্রষ্টা জোটের নিয়ন্ত্রণে সেনা নামিয়ে জনগণের লাভ হবেনা: সংলাপ নাকচ করে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারের সংলাপ প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়ে বলেছেন, জঙ্গি দমনের নামে সেনা মোতায়েন করা হলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। জঙ্গিবাদের স্রষ্টা জোট সরকারই তাদের নিয়ন্ত্রণ করবে। এতে জনগণের কোনও লাভ হবে না।
রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জোট সরকার সেনাবাহিনীকে দলীয়ভাবে নিয়ন্ত্রণ করছে। এ সরকার ক্ষমতায় থাকলে সেনাবাহিনী ক’জন জঙ্গি মন্ত্রী এমপিকে ধরতে পারবে? ব্যর্থ করার উদ্দেশ্যেই কি তাদের মোতায়েন করা হবে?
তিনি বলেন, এছাড়া সন্ত্রাসীদের বিস্তারিত তথ্য থাকে পুলিশের কাছে। তারা যদি সেনাবাহিনীকে সঠিক তথ্য না দেয়, তাহলে তারা কীভাবে কাজ করবে?
ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, জঙ্গি দমন না করে আলোচনার নামে কালক্ষেপনের মাধ্যমে জোট সরকার জঙ্গিদের শক্তি অর্জনের সময় দিতে চায়। জঙ্গিদের পৃষ্ঠপোষক এ সরকারের পতনের মাধ্যমেই জাতি বর্তমান ভয়াবহ সমস্যার কবল থেকে রেহাই পেতে পারে।
তিন বলেন, দেশবাসী আজ জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এ জন্যে প্রধানমন্ত্রীর আহ্বানের প্রয়োজন হয়নি। বরং প্রধানমন্ত্রীর প্রতি জাতির আহ্বান, জঙ্গিবাদকে লালন পালন বন্ধ করুন। ক্ষমতায় টিকে থাকার জন্যে দেশ, রাষ্ট্র ও জাতির বিরুদ্ধে সন্ত্রাসীদের ব্যবহার বন্ধ করুন।
আওয়ামী লীগ প্রধান বলেন, জঙ্গিবাদের উৎস সনাক্ত করাই সরকারের প্রাথমিক কর্তব্য ও তাদের মোকাবেলা করার প্রথম পদক্ষেপ। কিন্তু জোট সরকার সেই পদক্ষেপ না নিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে এবং বিরোধী দলকে দোষারোপ করেছে। তাদের জন্ম দেওয়া জঙ্গিবাদের ফ্রাংকেনস্টাইনের দৈত্য আজ রাষ্ট্রের অস্তিত্বের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এই ভয়াবহ অবস্থার দায়ভার জোট সরকারকেই বহন করতে হবে।
তিনি বলেন, জোট সরকার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বলেই এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। এরা দেশবাসীকে বিভ্রান্ত করার জন্যে মাঝে মধ্যে ঐক্যের ডাক দেয়। আলোচনার নাটক সাজায়। কিন্তু মন্ত্রিসভায় খুনি ও জঙ্গিদের গডফাদার রেখে খুন ও সন্ত্রাস বন্ধ হবে না।
শেখ হাসিনা বলেন, জোট সরকারের দুঃশাসনের কারণে জনগণ এদের প্রত্যাখ্যান করেছে। সরকারের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। বেসামাল সরকার তাই নিজেদের পিঠের চামড়া বাঁচাতে ও মানুষকে বিভ্রান্ত করতে সন্ত্রাস দমনে আলোচনার আহ্বান জানাচ্ছে। এটিকে ‘আলোচনার ব্যবসা’ উল্লেখ করে তিনি বলেন, এ আহ্বান দেশবাসীর সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, জঙ্গি সন্ত্রাসের রিমোট কন্ট্রোল সরকারের হাতেই। তাদের সিগন্যালে সন্ত্রাস শুরু হয়। আবার বিরতিও হয়। এর প্রমাণ সার্ক সম্মেলনের প্রস্তুতি পর্ব। তিনি প্রশ্ন করেন, যারা সন্ত্রাস ও খুনের শিকার, তাদের সাথে খুনি সন্ত্রাসীদের বৈঠক হয় কীভাবে?
জঙ্গি দমনে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ১৪ দল একসঙ্গে আছি, আলোচনা করছি। এর বাইরে অন্য দলের সঙ্গেও আলোচনা চলছে। কিন্তু বিএনপি জামাতের সঙ্গে আলোচনা করে জঙ্গি নির্মূল হবে না।
বিরোধী দলীয় নেতা বলেন, শুরু থেকেই আমি বারবার সতর্ক বাণী উচ্চারণ করেছিলাম, সন্ত্রাসী জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আড়াল করার পরিণাম হবে ভয়াবহ। সেদিন প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে আমাকে উপহাস করেছেন। দেশের ভাবমূর্তি ক্ষুণœ করছি বলে মিথ্যে অপবাদ দিয়েছেন। এমনকি আমাকে হত্যার উদ্দেশ্যে কোটালিপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনার পর খালেদা জিয়া বলেছিলেন, এটি আওয়ামী লীগের সাজানো নাটক। দেশের সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসী ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত।
আগামীতে সরকারে গেলে জঙ্গি দমনে আওয়ামী লীগ কী পদক্ষেপ নেবে?-- এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা না করলে, আইনকে নিজ গতিতে চলতে দিলে তথা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিলে, সন্ত্রাসী তৎপরতা এমনিতেই বন্ধ হয়ে যাবে। আর দেশবাসীকে সাথে নিয়ে সন্ত্রাসের গোড়া শুদ্ধ উপড়ে ফেলে জঙ্গি দমনে অবশ্যই ব্যবস্থা নিতে পারবো।
আওয়ামী লীগ প্রধান জঙ্গি সন্ত্রাসীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
