২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের নেপথ্যে ইহুদী ষড়যন্ত্র থাকতে পারে: সেমিনারে আলেমগণ

ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এক শ্রেণীর অর্ধ -- শিক্ষিত মানুষ তরুণ সমাজকে বিপথগামী করছে। তারা বোমাবাজি ও সন্ত্রাস করছে ইসলামের নামে। এর পেছনে ইহুদী ষড়যন্ত্র থাকতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জঙ্গিবাদ বনাম ইসলাম’ শীর্ষক সেমিনারে দেশের আলেমগণ এ কথা বলেন। মসজিদ কাউন্সিল অব কমিউনিটি অ্যাডভান্সমেন্ট এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হক।

ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান বলেন, ইসলামের নামে বোমা হামলাকারিরা বদ্ধ পাগল। এদের সংখ্যা বেশি নয়। তরুণ সমাজকে অধ:পতনের চিন্তাধারা থেকে দূরে রাখতে হবে।

তিনি ইসলামের নামে জঙ্গিবাদিদের তৎপরতা রুখতে দেশের আড়াই লাখ মসজিদের ইমামদের ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ‘জঙ্গি দমনে বিরোধী দলগুলোকে বৈঠকে বসার আহ্বান’ জানিয়ে বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আসুন, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। বোমাবাজি সন্ত্রাসকে রাজনৈতিক আন্দোলনের অংশ বানিয়ে ফায়দা নিতে গেলে তা থেকে সন্ত্রাসী ও দুস্কৃতকারিরাই লাভবান হবে।

খতিব উবায়দুল হক বলেন, ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদ ও বোমাবাজি সমর্থন করে না। এটি এখন একটি জাতীয় সমস্যায় পরিনত হয়েছে। জাতীয় ঐক্যের মাধ্যমেই এ সমস্যার সমাধান করতে হবে।

তিনি আগামী ৯ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের খুতবায় জঙ্গী ও সন্ত্রাস বিরোধী বক্তব্য রাখা এবং নামাজ শেষে মুসল্লীদের নিয়ে এলাকায় মিছিল বের করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ কাউন্সিলের সভাপতি মাওলানা আবুল কালাম আযাদ, অধ্যক্ষ মাওলানা কামালউদ্দিন জাফরী, আহলে হাদীসের মাওলানা আব্দুল লতিফ, রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির (আরআইএইচএস, কুয়েত) পরিচালক মাওলানা আকরামুজ্জামান, তা’আমিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, মুফতি সাঈদ আহমাদ মোজাদ্দেদী প্রমুখ।