বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির অষ্টম বর্ষপুর্তি উদযাপিত, সেনাশাসন প্রত্যাহারের দাবি
পার্বত্য শান্তিচুক্তির অষ্টম বর্ষপুর্তিতে ছয়টি সেনানিবাস ছাড়া সকল সেনা ক্যাম্প ও পার্বত্যঞ্চল থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
শান্তিচুক্তির অষ্টম বর্ষপুর্তি উপলক্ষে বান্দরবানে আয়োজিত এক অনুষ্ঠানে জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর চাকমা বলেন, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। চুক্তির শর্ত অনুযায়ী যেসব স্থানে সেনাবাহিনী থাকার কথা সেখানে থাকলে কারো কোন আপত্তি নেই। কিন্তু সরকার মুখে সেনা প্রত্যাহারের কথা বললেও বাস্তবে ৫৪৩ টি সেনাক্যাম্পের মধ্যে গত ৮ বছরে মাত্র ৩১ টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে।
বান্দরবান পুরতান রাজবাড়ি মাঠে জেলা জনসংহতি সমিতি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জনসংহতি সমিতি নেতা কে এস মং মারমা, জলিমং মারমা, উছোমং মারমা প্রমুখ।
চন্দ্র শেখর চাকমা বলেন, পার্বত্য চুক্তিতে শর্ত থাকলেও এ অঞ্চল থেকে সেনা সংখ্যা না কমিয়ে বরং অপরাশেন উত্তরনের নামে নতুন করে সেনা কর্তৃত্ব আরোপ করা হয়েছে। এর ফলে পাহাড়ি ও আদিবাসীদের মধ্যে শংকা বিরাজ করছে।
এদিকে বর্ষপুর্তি উদযাপনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় শহরে বিপুল সংখ্যক পুলিশ এবং গোয়েন্দা মোতায়েন করা হয়।
