জঙ্গিবাদের লড়াইয়ে সেনাবাহিনীকে কাজে লাগাতে হবে: মেজর আখতার
সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান বৃহস্পতিবার বলেছেন, ইসলামী জঙ্গি কর্মকাণ্ড কোনও ফৌজদারি অপরাধ নয়, এটি এখন রাষ্ট্রীয় অপরাধ।
তিনি বিডিনিউজকে বলেন, পুলিশ অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় অপরাধ দমন করতে হবে রাজনৈতিক সিদ্ধান্তে সেনাবাহিনীর মাধ্যমে।
তিনি বলেন, সেনাবাহিনীকে দিয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা উচিত।
প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মেজর আখতার বলেন, জঙ্গিরা যে নামেই হোক, যা করছে তা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের সামিল।
তিনি আরও বলেন, একটি যুদ্ধ নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মোকাবেলা করা সম্ভব নয়।
সাবেক এ সাংসদ প্রশ্ন তোলেন: এ যুদ্ধে বোমাবাজরা জিতলে পরিস্থিতি কি হবে?
তিনি বলেন, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল এবং বাংলাদেশের অস্তিত্বকে মুছে ফেলতে চায়। তাই আমাদের আর সময় নষ্ট করা উচিত নয়।
জাতীয় এ সংকটময় পরিস্থিতিতে আখতার প্রধান বিরোধী দলকে সরকারের পাশে দাঁড়াতে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লাড়াইয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবেলায় সরকারের উচিত দক্ষ ও সঠিক ব্যক্তিকে নিয়োজিত করা। এমনকি সে বিরোধী দলেরও হতে পারে।
বর্তমান জঙ্গি কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মেজর আখতার বলেন, জঙ্গিবাদ স্পষ্টতই রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড। এদের দমনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সকল নিরাপত্তা বাহিনীর দক্ষ ও অভিজ্ঞ সদস্যদের নিয়ে একটি যৌথবাহিনী গঠন করা উচিত।
এ ব্যাপারে তিনি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেদেশের যৌথ বাহিনী এবং পার্বত্য চট্টগ্রামে কয়েক বছর আগে পরিচালনা করা যৌথ অভিযানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে পুলিশই একমাত্র নিরাপত্তা বাহিনী নয়, তখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিডিআর, পুলিশ ও র্যাব সকল বাহিনীর কথাই চলে আসে।
তিনি বলেন, জঙ্গিরা যখন দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার হুমকি হিসেবে আবির্ভূত হয় তখন আমরা আমাদের নিরাপত্তা বাহিনীকে বসিয়ে রাখতে পারিনা।
মুক্তিযোদ্ধা আখতার বলেন, বোমাবাজরা যদি জয়ী হয় তাহলে বিএনপি আওয়ামী লীগ কেউ থাকবে না। সুতরাং দেশের স্বার্থে রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে।
