২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে কঠোর আইন প্রণয়ন ও দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জঙ্গি দমনে সংসদে নতুন ও কঠোর আইন প্রণয়ন এবং গ্রেপ্তারকৃত জঙ্গিদের ‘দ্রুত বিচার ও শাস্তির’ ব্যবস্থা করার কথা পুনর্ব্যক্ত করেছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সদরের দুর্গাপুর হাইস্কুল মাঠে থানা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদ দমনে কঠোর আইনের প্রয়োজনীয়তা উল্লে¬খ করে খালেদা জিয়া বলেন, আমরা এদের দমনে সংসদে কঠোর আইন প্রণয়ন করবো। সেই সাথে এদের দ্রুত বিচার ও শাস্তির ব্যবস্থাও করা হবে।

ইসলামী জঙ্গিদের উত্থানের পেছনে তৃতীয় কোনও শক্তির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এরা অন্যের প্ররোচনায় প্ররোচিত হয়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক ও অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণের জন্যে চেষ্টা করে যাচ্ছে।

তিনি দেশবাসীকে এ বিষয়ে সদা সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যে কোনও মূল্যে এদেরকে প্রতিহত করতে হবে।

বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, যারা একের পর এক হরতাল ডেকে দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারাই এই বোমাবাজদের মদদদাতা। কেননা, হরতাল, ভাংচুর, ও জ্বালাও পোড়াওকারীরা বোমাবাজদের উৎসাহিত করছে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা বোমা মেরে মানুষ হত্যা করছে তাদের ধরিয়ে দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব।

কুমারখালি উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন বকুলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন, যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা, কুষ্টিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাটমন্ত্রী শাহজাহান সিরাজ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম ইসলাম এমপি এবং সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী আহমেদ রুমী।  

পরে প্রধানমন্ত্রী ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্ধিত ভবনের কার্যক্রম এবং কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছ-উদ রুমি সেতু উদ্বোধন করেন।