২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা ও সন্ত্রাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর আহ্বান জাতির সঙ্গে প্রতারণা: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বোমা ও সন্ত্রাস মোকাবেলার উপায় খোঁজার জন্যে প্রধানমন্ত্রী যে সবাইকে বসার আহ্বান জানিয়েছেন এবং জঙ্গি সন্ত্রাসীদের সাথে নিজামীর সম্পৃক্ততার প্রমাণ হাজির করতে বলেছেন, তা দেশবাসীর সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার তিনি গাজীপুরে আবারও বোমা হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিহতদের বিদেহি আতœার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবার সদস্যদের সমবেদনা জানান। নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দান এবং অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তিনি। 

শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট সরকার সন্ত্রাসী ও জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছে। বোমা হামলায় বিএনপি জামাতের সম্পৃক্ততার কথা আজ দেশবাসীর অজানা নয়। বিএনপি জামাত জোট দীর্ঘদিন ধরে জঙ্গি সন্ত্রাসীদের লালন পালন ও আশ্রয় দিয়ে এখন দেশের সকল শুভবুদ্ধির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বোমা হামলায় আইনজীবী ও পুলিশ হতাহতের প্রতিবাদে আইনজীবীদের ডাকা হরতাল চলাকালে আবার বোমা হামলা এ কথাই প্রমাণ করেছে, তারা জনমতকে মোটেও গ্রাহ্য করে না। 

আওয়ামী লীগ প্রধান বলেন, জোট সরকার দেশের আইন কানুন ও নিয়ম নীতির কোনও কিছুই যে মানে না, বুধবার হাই কোর্টের দেওয়া নির্দেশে তা প্রমাণিত হয়েছে। হাই কোর্ট জঙ্গি দমনে ব্যর্থতার দায়ে সরকারকে রুলনিশি জারি করেছে। ইতোপূর্বেও হাইকোর্ট রায় দিয়েছে, জিয়াউর রহমান অসাংবিধানিক পদ্ধতিতে অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশ চালিয়েছে।

শেখ হাসিনা বলেন, সরকারি দলের সাংসদরাই মনে করেন, জঙ্গি সন্ত্রাসীদের সাথে সরকারের একটি অংশ জড়িত। দেশবাসীর ধারণা একই। সুতরাং প্রধানমন্ত্রীর সর্বপ্রথম দল থেকে চিহ্নিত সন্ত্রাসীদের তাড়াতে হবে। এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, অথচ প্রধানমন্ত্রী তার দলের যে সব সাংসদ ও নেতা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। এতে জঙ্গি দমনে তার যে কোনও আন্তরিকতা নেই এবং তিনি জঙ্গি সন্ত্রাসীদের দমন করতে চান না, সেটিই প্রমাণ হয়। এর ফলে জঙ্গি সন্ত্রাসীরা স্বাভাবিকভাবেই উৎসাহিত হবে। বর্তমান বোমা হামলার ঘটনাগুলো তাই প্রমাণ করে। 

বিরোধী দলীয় নেতা বলেন, দেশবাসী আজ মারাতœক নিরাপত্তাজনিত হুমকির মধ্যে দিন কাটাচ্ছে। বাসা বাড়ি, অফিস আদালত, হাট বাজার, রাস্তাঘাট-- কোথাও মানুষ নিরাপদ নয়। দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরাপত্তা ও ন্যায় বিচারের অভাব, সর্বোপরি এত অনিশ্চয়তার মধ্যে কোনও মানুষের পক্ষেই জীবন পরিচালনা করা সম্ভব নয়।

শেখ হাসিনা বলেন, এ অবস্থায় সরকারকে ক্ষমতাচ্যুত করা ছাড়া মানুষের মুক্তি নেই। স্বস্তি নেই। তিনি দেশবাসীকে আহ্বান জানান, দেশ ও জাতিকে বাঁচানোর জন্যে চলমান আন্দোলনকে আরও জোরদার করতে হবে। জোটের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর কোনও বিকল্প নেই।