জঙ্গী দমনে কঠোর আইন ও ত্বরিৎ শাস্তির ব্যবস্থা করা হবেঃ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জঙ্গী দমনে সংসদে নতুন ও কঠোর আইন প্রণয়ন এবং গ্রেফতারকৃত জঙ্গীদের ‘ত্বরিৎ বিচার ও শাস্তির’ ব্যবস্থা করার কথা পুনর্ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার কুষ্টিয়ায় অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন।
জঙ্গীবাদ দমনে কঠোর আইনের প্রয়োজনীয়তা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, আমরা এদের দমনে সংসদে কঠোর আইন প্রণয়ন করবো। সেই সাথে এদের ত্বরিৎ বিচার ও শাস্তির ব্যবস্থাও করা হবে।
ইসলামী জঙ্গীদের উত্থানের পেছনে তৃতীয় কোন শক্তির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এরা অন্যের প্ররোচনায় প্ররোচিত হয়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক ও অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণের জন্য চেষ্টা করে যাচ্ছে।
তিনি দেশবাসীকে এ বিষয়ে সদা সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যে কোন মূল্যে এদেরকে প্রতিহত করতে হবে।
পরে প্রধানমন্ত্রী কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছ-উদ রুমি সেতু উদ্বোধন করেন।
