ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে একাত্তরের মতো ঐক্য গড়ে তোলার আহ্বানে সাইফুর রহমান
ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে একাত্তরের মতো ঐক্য গড়ে তুলতে বিরোধী দলকে সরকারের সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান।
জাতীয় অর্থনীতি পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘চাকরিদাতা, সামাজিক নেতৃবৃন্দ ও সামাজিক অংশগ্রহণ’ শীর্ষক এক সংলাপ শেষে বৃহস্পতিবার সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা সবাই উদ্বিগ্ন। এ ব্যাপারে সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়।
তিনি বলেন, একটি সংলাপ আয়োজনের ব্যাপারে গড়পড়তা কোনও
মন্তব্য নয়, বিরোধী দলের কাছে গঠনমূলক সাড়া আশা করি।
তিনি জানান, সরকার ও বিরোধী দলের মধ্যকার সংলাপের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেন। অচিরেই এ ব্যাপারে বিরোধী দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
ইসলামি জঙ্গিদের সন্ত্রাসী কার্যক্রম বেড়ে চলায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শ্রীলঙ্কা ও ফিলিস্তিনে এ ধরনের ঘটনা ঘটত, কিন্তু বাংলাদেশে কেন ঘটছে, জানি না।
রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয় বরং এ বিষয়টিকে জাতীয় সমস্যা হিসেবে দেখা উচিত বলে অর্থমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।
তিনি মন্তব্য করেন, ১৯৭১ সালে দেশকে মুক্ত করতে জাতি যে চেতনা প্রকাশ করেছিল, সেই চেতনা থেকে এ বিষয়টি প্রতিরোধে এগিয়ে আসা প্রয়োজন।
তিনি জানান, প্রধানমন্ত্রী বিরোধী দলকে এ ব্যাপারে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু বিরোধী দল তার আহ্বানে নেতিবাচকতা প্রকাশ করেছে।
অর্থমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার অভিযোগ অস্বীকার করে বলেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ব্যর্থ হয়েছে।
দেশে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সাথে জামায়াতে ইসলামি ও ইসলামি ঐক্যজোটের জড়িত থাকার যে অভিযোগ উঠছে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, জোট সরকারের কেউ এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, তা আমি মনে করি না। যদি তেমন হয়েও থাকে, সে ব্যাপারে আমার কিছু জানা নেই।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ বিরোধী দলগুলো বলছে, সারাদেশে সাম্প্রতিক বোমা হামলার নেপথ্যে রয়েছে জামায়াতে ইসলামি এবং ইসলামি ঐক্যজোট।
এর আগে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে দারিদ্র্য হ্রাস সম্ভব নয়।
অন্যান্যের মধ্যে ইউএনএফপিএ’র কান্ট্রি ডিরেক্টর সুনীতা মুখার্জী, পরিকল্পনা কমিশনের সদস্য এমএসএ কায়সার সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
