গবাদি পশুর পর বাংলাদেশে বেশি পাচার হয় ভারতীয় কফের সিরাপ
ভারত থেকে গবাদি পশুর পর বেশি পাচার হয়ে আসছে কফের সিরাপ। এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর ভারত থেকে এক কোটি বোতল কফের সিরাপ চোরাই পথে বাংলাদেশে আসছে ।
বিএসএফ’র এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, সীমান্তবর্তী বাংলাদেশের বাসিন্দারা ভারতে প্রবেশ করে এসব সিরাপ নিয়ে আসছে। তারা প্রথমে এতে অ্যালকোহল মেশায় এবং পরে এই ভেজাল জিনিস দিগুণ দামে বিক্রি করে থাকে।
একটি সংঘবদ্ধ চক্র ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েক কোটি টাকার এ চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলেও তিনি জানান।
তিনি বলেন, তথ্য ঘেঁটে দেখা গেছে, সীমান্তরক্ষী বাহিনী বছরে লাখখানেক বোতল আটক করে থাকে।
বাংলাদেশে মদ্যপান নিষিদ্ধ থাকার কারণে ভারতীয় এই ভেজাল সিরাপ বাংলাদেশে গরিবের মদ হিসেবে চড়া দামে বিক্রি হচ্ছে।
বিএসএফ কর্মকর্তারা জানান, ভারতে প্রস্তুত কফের সিরাপের ২৫ শতাংশই উত্তরপূর্ব রাজ্যগুলোর সীমান্ত দিয়ে চোরাই পথে বাংলাদেশে আসে।
এক দশক বা তারও বেশি সময় ধরে কফ সিরাপের এ চোরাচালান ব্যবসা চলতে থাকলেও সম্প্রতি নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে।
কফ সিরাপে মাত্রাতিরিক্ত অ্যালকোহল থাকায় বাংলাদেশের মানুষ তা খেয়ে আসক্ত হয়ে পড়ছে। এ ব্যপারে বিএসএফ’র ওই কর্মকর্তারা জানান, কফ সিরাপ চোরাচালানে জড়িত সংঘবদ্ধ চক্রটি এতে ইথাইল অ্যালকোহল মিশিয়ে থাকে।
তিনি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, কফ সিরাপের চোরাচালান দিনদিন বাড়ছে।
ওই কর্মকর্তা আরও জানান, ভারতে বছরে চার কোটি বোতল কফের সিরাপ বাজারজাত করা হয়। মোট উৎপাদনের হিসেবে ২৫ শতাংশই চোরাই পথে বাংলাদেশে চলে যায়।
তিনি বলেন, সময়ে সময়ে এ হিসেবের এদিক ওদিকও হয়ে থাকে।
এছাড়া ভারত থেকে চোরাই পথে গরু আমদানির ব্যবসাও বেশ রমরমা। এ ব্যাপারে বিএসএফ মহাপরিচালক আরএস মোশাহারি বলেন, বাংলাদেশের প্রতি তিনটি গরুর একটি আসে ভারত থেকে।
