২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে আইনজীবীদের মিছিল সমাবেশ উত্তাল জজ কোর্ট প্রাঙ্গণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আহুত হরতালের পক্ষে বিপক্ষে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণ বৃহস্পতিবার মিছিল সমাবেশ উত্তাল ছিল। বিভিন্ন আইনজীবী সমিতি হরতালের পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

গাজীপুর ও চট্টগ্রামের আদালতে পাড়ায় নিষিদ্ধঘাষিত জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলার প্রতিবাদে ডাকা সকাল--সন্ধ্যা হরতালের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সরকারের পদত্যাগ দাবি করে মিছিল সমাবেশ করে। এছাড়াও হরতাল সমর্থন করে সকাল ১০টায় জেএমবির হামলার প্রতিবাদে সমন্বয় পরিষদের আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতির সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে সকল স্তরের আইনজীবীরা অংশগ্রহণ করলেও এর বিরোধিতা করেছে অ্যাডভোকেট টিএইচ খানের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বিএনপি সমর্থিত আইনজীবীরা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে আইনজীবী হত্যার প্রতিবাদে ডাকা এ হরতালকে অবৈধ দাবি করে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে মিছিল করেন। তারা সারাদেশের আদালতে বোমা হামলাকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।

এদিকে সমন্বয় পরিষদের সমাবেশে বক্তারা বলেন, বিচারাঙ্গনের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। আইনজীবীদের মধ্যে সরকার সমর্থক ক্ষুদ্র একটি গোষ্ঠী সাধারণ আইনজীবী ও দেশের সর্বস্তরের নাগরিকদের আকাঙ্খা ও দাবিকে আঘাত করে হরতালের বিরোধিতা করে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশের মানুষদের নির্বিচারে হত্যাকেই সমর্থন করছেন।

সমন্বয় পরিষদ জজ কোর্ট থেকে মিছিল নিয়ে মুক্তাঙ্গণে যায়। এছাড়াও অ্যাডভোকেট আবেদ রাজার নেতৃত্বে মহানগর আইনজীবী সমিতি সকাল ১১টায় আদালত প্রাঙ্গণসহ জনসন রোডে হরতালের সমর্থনে মিছিল ও সামাবেশ করে। এসময় পুলিশ তাদের মিছিলে বাধা দেয়।

তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকার একট্ িদ্রুত বিচার ট্রাইবুনালে বিচার কাজ চলেছে। এছাড়া ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দু’একটি মামলার বিচার কাজ চললেও আদালত ছিল প্রায় জনশূন্য।

এদিকে বিসিএস বিচার অ্যাসোসিয়েশন নিরাপত্তার স্বার্থে জেলা ও মহানগর দায়রা জজের অন্যান্য আদালতের মতো ডিসেম্বর মাসের বার্ষিক ছুটিতে প্রবীণ বিচারপতির মাধ্যমে পরিচালিত ঢাকার চারটি দ্রুত বিচার ট্রাইবুনালও একমাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

অবকাশকালীন ডিসেম্বর মাসে ঢাকার জরুরী ফৌজদারি মামলাগুলো বিচারের জন্যে ৪, ১৮, ২৬ ও ২৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রাজ্ঞাপণে একথা বলা হয়।