২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কেন্দ্রীক সহিংসতা বাড়বে : ইআইইউ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহিংসতা বাড়বে। সামনের দিনগুলোতে নির্বাচনী প্রস্তুতি শুরু হচ্ছে পুরোদমে। রাজনৈতিক অঙ্গণে সহিংসতা বৃদ্ধির বিষয়টিকে বিরাট ঝুঁকি বলেই মনে করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

গত দুই বছরে আওয়ামী লীগ প্রতিনিধিদের উপর হামলা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সবার দৃষ্টি এখন সরে গেছে ইসলামী জঙ্গি সংগঠনের হুমকির উপর।

ব্রিটেনের প্রভাবশালী সংবাদ সাময়িকী ইকোনোমিস্ট’র (ইন্টিলিজেন্স ইউনিট) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বৃহস্পতিবার এটি প্রকাশিত হয়।

আগামী নির্বাচন প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে ভোটারদের ক্ষমতাসীন মহল বিরোধী মনোভাবের কারণে বিরোধী দল কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, নির্বাচন পূর্ব সময়ে দেশে ধর্মঘট, হরতাল ও সমাবেশ বেড়ে যাবে এবং তা অর্থনৈতিক জীবনকে ক্ষতিগ্রস্ত করবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী লীগের মধ্যে বহুদিনের বৈরী মনোভাব আরও ঘনীভূত হবে। বাংলাদেশের ভোটারদের সরকার-বিরোধী মনোভাব বিরোধী রাজনৈতিক দলগুলোকে কিছুটা সুবিধা দেবে এবং এতে বেশ কিছু আসন যোগ হবে।

হরতাল, ধর্মঘটের মত প্রতিবাদ বিক্ষোভ রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দেশে সাম্প্রতিক বোমা হামলার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ১৭ আগস্ট দেশ জুড়ে পাঁচ শতাধিক বোমা হামলা, ৩ অক্টোবরের বোমা হামলা এবং ১৪ নভেম্বরের হামলা নিষিদ্ধ ঘোষিত  ইসলামী জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের কাজ বলে মনে করা হচ্ছে।  এতে ধর্মনিরপেক্ষ মুসলিম গণতান্ত্রিক দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখনও একটি উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। ধারাবাহিক বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত তিনশ’র বেশি সন্দেহভাজনকে হত্যা করা হলেও  জামাতুল মুজাহিদিন বাংলাদেশের শীর্ষ নেতারা এখনও অধরাই থেকে গেছে।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও দায়িত্ব নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে।

নির্বাচন তদারকির জন্য ২০০৬ সালের অক্টোবরে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিতে হবে।

পরবর্তী নির্বাচন নিয়ে বিতর্ক ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ চায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দিতে হবে। বাম ১১ দলও আওয়ামী লীগের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। তবে আওয়ামী লীগের নির্বাচন সংক্রান্ত প্রস্তাবগুলো খুব বেশি সমর্থন যোগাতে পারেনি। বিশেষ করে নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহারের উপর আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আরোপ করতে  চায়। এ নিয়ে ছোট ছোট দলগুলোর সাথে সমঝোতায় পৌঁছাতে আওয়ামী লীগকে ধকল পোহাতে হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আন্তর্জাতিক বিষয়াদি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। ওয়াশিংটন ঢাকাকে সহযোগিতা প্রদানের ব্যাপারে আশার বাণী শুনিয়েছে। বাংলাদেশে দুর্নীতির বিস্তার নিয়ে বুশ প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর সাথে বাংলাদেশের ভাল সম্পর্ক রয়েছে। বাংলাদেশ সম্প্রতি ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করে। আফগানিস্তানকে সার্কের পূর্ণ সদস্য পদ প্রদান এবং জাপান ও চীনকে সার্কের পর্যবেক্ষকের মর্যাদা প্রদানের ব্যাপারে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যের কারণে ঢাকা শীর্ষ সম্মেলন বেশ তাৎপর্যপূর্ণ।

সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনা অব্যাহত থাকলে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা ইস্যু নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনায় কোন অগ্রগতি হয়নি।

ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ভারতের কেন্দ্রীয় সরকার বিরোধী তৎপরতার কারণে বাংলাদেশ বিদ্রোহীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করে আসছে। ভারত চার হাজার কিলোমিটার সীমান্ত সিল করে দেয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে আসছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে লোক প্রবেশ করছে বলে ভারত অভিযোগ করেছে। তবে বাংলাদেশ এ অভিযোগ অস্বীকার করেছে। গঙ্গার পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও তা নিয়ে দুই দেশ অচিরেই চুক্তিতে উপনীত হবে বলে আপাতত মনে হচ্ছে না।