ঢাবি’র বিভিন্ন হল ও আশেপাশের আবাসিক এলাকায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ১১২, ১ম লিড
থার্টি ফার্স্ট নাইটে অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ শনিবার ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও আশপাশের বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১১২ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, তারা বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হল, নীলক্ষেত ও পলাশি স্টাফ কোয়ার্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিক্যাল কলেজ এবং আশেপাশের এলাকায় এসব অভিযান চালানো হয়।
রমনা থানার ওসি মাহবুবুর রহমান জানান, আসন্ন থার্টিফাস্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এ অভিযান চালানো হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার জন্যে টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি এবং মেয়েদের হলগুলোতে নিরাপত্তা জোরদার করা হলেও ছেলেদের হলে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি বলেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বহিরাগত, তবে কোনো অস্ত্র অথবা গোলাবারুদ উদ্ধার করা যায়নি।
তিনি আরো বলেন, অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও ৩৫জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
রমনা থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৫ জনকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং বাকিদেরকে আশেপাশের এলাকা থেকে আটক করা হয়।
রমনা থানা পুলিশ জানায়, ডিএমপি অ্যাক্টের ৮৬ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়। আটক ৭৫ জনকেই পুলিশ কোর্টে চালান দিয়েছে।
রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাবি’র সূর্যসেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, জগন্নাথ হল, সলিমুল্লাহ হল, জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, অমর একুশে হল এবং শহীদুল্লাহ হলে একযোগে তল্লাশী চলে। তবে, কোনো ছাত্রী হলে তল্লাশি করা হয়নি।
সূর্যসেন হল থেকে ১৭ জন, এ এফ রহমান হল থেকে ১০জন, শহীদুল্লাহ হল থেকে ২৩জন, সলিমুল্লাহ হল থেকে একজন, জগন্নাথ হল থেকে একজন, জহুরুল হক হল থেকে ১১জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে আটজন এবং মুহসীন হল থেকে দুইজন,গ্রেপ্তার করা হয়েছে।
শহীদ জিয়াউর রহমান হলে তল্লাশির সময় পুলিশ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বাধার মুখে পড়ে। তবে জিয়াউর রহমান হল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সাধারণ ছাত্রদের অভিযোগ, অভিযানের সময় ছাত্রদলের দখল করা কক্ষগুলোতে পুলিশের কোনো নজর ছিল না।
তারা আরও জানায়, পুলিশ ছাত্রদের কাছে আসা নির্দোষ অতিথিদের গ্রেপ্তার করেছে। আটককৃতদের বেশিরভাগই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিতে এসেছিল।
যাদেরকে আটক করা হয়েছে তাদের বেশিরভাগই নির্দোষ বলে পুলিশও স্বীকার করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ জানান, আসন্ন থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বজায় রাখতে এ তল্লাশি চালানো হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনে আবারও তল্লাশি চালানো হবে।
অভিযানের সময় ছাত্রদলের বাধার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
