অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী দৃষ্টিতে বিদায়ী ও আগামী বছর
বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, জঙ্গিদের মূল হোতাদের ধরতে সরকার ব্যর্থ হয়েছে। তাদের ধরতে পারলে দেশের মানুষ জানতে পারতো কারা তাদের অর্থের যোগানদাতা ও কি কারণে তারা বোমা হামলাসহ জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এটা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে থাকবে। সামনের বছরেও সরকারকে এর মোকাবেলা করতে হবে।
শনিবার বিডিনিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক চৌধুরী বলেন, আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে রাজনৈতিক। আগামী বছরটি হবে নির্বাচনের বছর। এ বছরে দুই প্রধান রাজনৈতিক দল নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের চেষ্টা করবে। এতে রাজনৈতিক সংঘাত আরো বাড়বে।
তিনি বলেন, এ অবস্থায় আমাদের দুটি প্রধান দলের মধ্যে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিকাশ ঘটাতে হবে। কারণ এরাই ঘুরে ফিরে রাষ্ট্রক্ষমতায় আসবে। এই দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিকাশের ওপরই নির্ভর করবে দেশের ভবিষ্যৎ।
বিদায়ী বছর সম্পর্কে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিদায়ী বছরের কিছু স্মৃতি আমাদের আগামী বছরেও পীড়িত করবে। এর মধ্যে প্রধান হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানুষের নিরাপত্তাহীনতা ও মুনাফার লোভ।
সাভারের গার্মেন্টস ট্রাজেডির কথা উল্লেখ করে তিনি বলেন, সাভারে কতজন মানুষ মারা গেলো, তার সঠিক সংখ্যাও আমরা জানতে পারলাম না। কাজের জায়গাগুলো এমন অনিরাপদ জেনেও আমাদের চাকরির জন্যে যেতে হচ্ছে। কারণ বেকার সমস্যা অত্যন্ত প্রকট।
অন্যদিকে, দেশে প্রকট আকার ধারণ করেছে ভেজাল খাদ্য সমস্যা। খাবারে ভেজাল আছে, আমরা জানতাম। কিন্তু এত বেশি আছে, সেটা আমরা জানতাম না। যেখানে দেশের প্রতিটি মানুষের জন্যে খাবারের ব্যবস্থা করাই দুরূহ। সেখানে ভেজাল আরেক বিপদ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এ দুটি জিনিসই হচ্ছে মালিক পক্ষের অতিরিক্ত মুনাফার লোভের কারণে।
জঙ্গি সমস্যা প্রসঙ্গে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জঙ্গি তৎপরতার সাথে জড়িতরা প্রায় সকলেই মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছে। মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে বেকার থাকাটাই এর একটি প্রধান কারণ। এছাড়াও অল্প টাকায় কেনা যায়, এমন লোকদেরই মূলত: এ কাজে ব্যবহার করা হচ্ছে।
সরকারের একমূখি শিক্ষা চালুর চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, এটা হতো আমাদের মাধ্যমিক শিক্ষার জন্যে একটা বিপর্যয়। কারণ এতে বিজ্ঞান শিক্ষাকে কোনঠাসা করে ফেলা হচ্ছিল। সচেতন নাগরিক ও বুদ্ধিজীবীদের প্রতিবাদের মুখে সরকার এটা স্থগিত করেছে। কিন্তু এটা বাতিল করা হয়নি। অথচ সকলেই চায় এটা বাতিল করা হোক।
