২০০৫: জঙ্গিবাদের উত্থান, দোষারোপের রাজনীতির বছর
ইতিবাচকভাবে মনে রাখার মতো কিছু বিশেষ ঘটনা বা অর্জন ২০০৫ সালে যদি থেকেও থাকে, দেশে ইসলামী জঙ্গিবাদের ভয়াবহ উত্থানে তা ধুয়ে--মুছে গেছে।
এ বিষয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, যে অশুভ শক্তি ২০০৫ সালে বাংলাদেশকে আক্রান্ত করেছে, তার ছায়া ২০০৬--এ--ও উদ্বেগের কারণ হয়ে থাকবে।
এ ছাড়া অতীতের মত ২০০৫ সালেও প্রধান বিরোধী দল সংসদে অংশগ্রহণ করা থেকে বিরত থাকায় সংসদ প্রায় অকার্যকর ছিল।
সংঘাতের রাজনীতি সারা বছর সক্রিয় ছিল। আর ইসলামী জঙ্গিবাদের ইস্যুটি নিয়ে মূলধারার রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করার মধ্য দিয়ে এটি নতুন মাত্রা পেয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা তদন্তের ব্যাপারে কোনও অগ্রগতি বিদায়ী বছরে দেখা যায়নি। শুধু তাই নয়, সাবেক অর্থ মন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এমপি’কে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করার মত ঘটনাও ঘটেছে এ বছর। বছরের শুরুতে তাকে হবিগঞ্জে হত্যা করা হয়।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বৈরিতা ২০০৬ সালে আরও বাড়তে পারে। এ বছরই ক্ষমতাসীন বিএনপি--জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার তাদের নির্ধারিত শাসনকাল শেষে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী ১৪ দলীয় জোট ইতোমধ্যে সরকারের পদত্যাগ দাবি করে তাদের একদফা দাবির ঘোষণা দিলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে।
বর্তমান পদ্ধতি অনুযায়ী সর্বশেষ অবসরগ্রহণকারী প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ না দিয়ে সংবিধানে সংস্কার আনার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে বিরোধী জোট যে সংস্কারের দাবি জানিয়েছে, জোট সরকার সরাসরি তা নাকচ করে দিয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আগে থেকেই দ্বন্দ্বে মেতে থাকা সরকারি দল ও বিরোধী দলের মধ্যে জঙ্গিবাদের উত্থান ও তৎপরতা নিয়ে নতুন করে বৈরিতা বৃদ্ধি পায়।
দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলা ও জঙ্গিবাদকে উস্কে দেয়ার জন্যে সরকারি দল বিরোধী দলকে দায়ী করে আসছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তা বানচাল করতে বিরোধী দল আওয়ামী লীগ জঙ্গিবাদের নতুন নাটক করছে।
অপরদিকে বিরোধী ১৪ দলের জোট বলছে, স্বচ্ছ্ব ও কারচুপিমুক্ত নির্বাচন হলে জোট সরকার ক্ষমতা আসতে পারবে না বলে তৃতীয় শক্তি যাতে ক্ষমতা দখল করতে পারে, সে জন্যে সরকার জঙ্গিবাদকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।
একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, দোষারোপের রাজনীতির কারণে জঙ্গিরা ফিরে আসার সুযোগ পেয়েছে এবং তারা সময় নিয়ে সংগঠিত হচ্ছে।
এদিকে এক ব্যবসায়ী নেতা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বিদেশী বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করার আগে ধীরে--সুস্থে চলার নীতি অবলম্বন করেছে।
দোষারোপের রাজনীতির মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের উর্ধ্বগতি, ক্রসফায়ারে মৃত্যৃ, ক্রমবর্ধমান দুর্নীতির কারণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি--সূচকে টানা পঞ্চমবারের মত দুর্নীতিতে শীর্ষস্থান দখল, বিদ্যুতের ঘাটতি এবং দুর্বল শাসন ব্যবস্থা দেশের ভবিষ্যতে কালো মেঘ তৈরি করেছে।
বোমা হামলার আগে দেশে কয়েকটি আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় দেশের জনগণ নিদারুণ হতাশায় দিন কাটাচ্ছে।
দেশের গণমাধ্যম অনেক দিন ধরেই জঙ্গিবাদী তৎপরতা, বিশেষ করে কথিত বাংলা ভাইয়ের জঙ্গিবাদী তৎপরতা সম্পর্কে লেখালেখি করে আসছে। কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট সরকার দেশের ৬৪টি জেলার মধ্যে একটি বাদে সবকটিতে ১৭ আগস্ট একযোগে পাঁচ শতাধিক বোমা হামলার আগ পর্যন্ত জঙ্গিবাদের হুমকির বিষয়টি আমলে নেয়নি।
এমনকি পাঁচ শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা এবং বিস্ফোরণস্থলে নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামা’আতুল মুজাহিদী, বাংলাদেশের লিফলেট পাওয়ার পরও বিস্ফোরণের পেছনে যে ইসলামী জঙ্গিবাদী সংগঠন জড়িত, এ বিষয়টি নিশ্চিত ও স্বীকার করতে সরকার প্রাথমিকভাবে দৃশ্যত অনাগ্রহী ছিল।
দেশের প্রচলিত শাসন পদ্ধতি পরিবর্তন করে ইসলামী শরীয়া আইন অনুযায়ী দেশ পরিচালনায় প্রতিজ্ঞাবদ্ধ জেএমবি’র ওই বোমা হামলায় দুই ব্যক্তি নিহত হয়।
জেএমবি দেশের বিভিন্ন আদালত ও সরকারি ভবনে বোমা হামলা চালানোর কারণে সরকার বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হয় এবং বোমা হামলার পেছনে জেএমবিই যে প্রধান ভূমিকা রেখেছে, তা এক সময় স্বীকার করে নেয়। জেএমবি ও অন্যান্য জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বিরোধী দলের দাবি, জঙ্গিবাদের উত্থানের সাথে বিএনপি’র কয়েকজন মন্ত্রী ও সরকারের প্রধান শরিক জামায়াত ইসলামী জড়িত। তবে এ বিষয়টি সরকার অস্বীকার করছে।
এমনকি ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আবু হেনা জঙ্গিবাদের সাথে বিএনপি’র কয়েকজন মন্ত্রীর জড়িত থাকার কথা প্রকাশ করলে বিএনপি বরং আবু হেনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করে।
তবে জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানির গ্রেপ্তারের পর বোমা হামলায় স্থবিরতা এসেছে বলে মনে হচ্ছে। কিন্তু জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও তার প্রধান সেনাপতি সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এখন ধরা--ছোঁয়ার বাইরেই রয়ে গেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর উভয়ই আশা প্রকাশ করেছেন, দ্ইু মাসের মধ্যে জঙ্গিবাদ নিশ্চিহ্ন হয়ে যাবে।
তবে জঙ্গিবাদ নিশ্চিহ্ন করার বেঁধে দেওয়া দুই মাসের সময়সীমার কয়েক সপ্তাহ ইতোমধ্যেই পেরিয়ে গেছে। নেত্রকোণায় আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১০জনকে হত্যা করার পর থেকে অবশ্য আর কোনও বোমা হামলার ঘটনা ঘটেনি।
বিশ্লেষকরা বলেছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া অবশেষে উপলব্ধি করতে পেরেছেন, জঙ্গিবাদীরা অনেকদূর পর্যন্ত অগ্রসর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি বিষয়টি নিয়ে আলোচনার জন্যে বিরোধী দলসহ সকল রাজনৈতিক দল এবং দেশের ব্যবসায়ী ও পেশাদার সংগঠন গুলোকে প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাবকে সাজানো নাটক বলে আখ্যায়িত করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী ১৪ দলের জোট এটি প্রত্যাখ্যান করেছে। এমনকি আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সংলাপ প্রস্তাব সংক্রান্ত আমন্ত্রণপত্রও গ্রহণ করেননি।
জেএমবি’র বোমা হামলার অব্যাহত হুমকি সত্ত্বেও নজিরবিহীন নিরাপত্তায় সরকার সাফল্যের সাথে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন করতে সমর্থ হয়। সার্ক সম্মেলনের সময় রাজধানী ঢাকায় আইন--শৃংখলা প্রয়োগকারী বিভিন্ন সংস্থার কমপক্ষে ৪০,০০০ সদস্য মোতায়েন করা হয়েছিল।
অবশ্য সার্ক সম্মেলন শেষ হওয়ার একদিন পরই ঝালকাঠীতে দেশের ইতিহাসের প্রথম আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। এতে দু’জন বিচারক নিহত হন। তখনও সার্ক নেতাদের মধ্যে ঢাকায় নেপালের রাজা ও ভুটানের প্রধানমন্ত্রী অবস্থান করছিলেন।
মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে দোষারোপের রাজনীতি ও কাদা ছোঁড়াছুঁড়ি সত্ত্বেও নিজেদের শক্তি সঞ্চয় ও জনগণের সমর্থন আদায় করতে বিরোধী ১৪ দলের জোট, বিএনপি এবং জামাতে ইসলামী নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজধানীতে পৃথক মহাসমাবেশ আয়োজন করে।
তবে বিরোধী ১৪ দলের জোটের মহাসমাবেশ সরকারি দল সমর্থিত সন্ত্রাাসীদের হামলা, পরিকল্পিত পরিবহন ধর্মঘট এবং প্রশাসনের অযাচিত হস্তক্ষেপে বাধাগ্রস্ত হয়।
বিভিন্ন মহল ও সংগঠনের তীব্র বিরোধিতা সত্ত্বেও সংসদে মহিলাদের জন্যে সংরক্ষিত ৪৫টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এদিকে নতুন ভোটার তালিকা প্রণয়ন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনারের মধ্যকার বিবাদে নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে আশংকা করা হচ্ছে।
নতুন ভোটার তালিকা প্রণয়নের বিরুদ্ধে হাইকোর্টে দু’টি রিট পিটিশনও দাখিল করা হয়েছে।
তবে ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে সরকারের অভিযান ব্যাপক জনসমর্থন পেয়েছে এবং এটিকে ২০০৫ সালে সরকারের নেয়া একমাত্র যুগোপযোগী সিদ্ধান্ত বলে বিবেচনা করা হচ্ছে।
