সিইসির বিরুদ্ধে এসসিবিএ’র সংবিধান লংঘনের অভিযোগ
নতুন ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে অপর দুই নির্বাচন কমিশনারের মতামত উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নেয়ায় সিইসি বিচারপতি এমএ আজিজের বিরুদ্ধে সংবিধান লংঘনের অভিযোগ এনেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসসিবিএ নেতৃবৃন্দ এ অভিযোগ আনেন।
সম্মেলনে এক লিখিত বক্তব্যে এসসিবিএ’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এনায়েতুর রহিম বলেন, নির্বাচন কমিশনের ভেতরকার কালো শক্তির প্রভাবে ক্ষমতাসীন জোটের স্বার্থ রক্ষায় প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে যে নীলনকশার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন তা দেশের ভবিষ্যত নির্বাচন ও গণতন্ত্রের জন্যে আত্মঘাতী পদক্ষেপ।
এসসিবিএ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন সচিবের আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ হাইকোর্টকে জানিয়েছিলেন, নতুন ভোটার তালিকা তৈরির ব্যাপারে সিইসির একক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করে জমা দেওয়া হবে।
কিন্তু হাইকোর্টে প্রক্রিয়াধীন রিটের নিষ্পত্তি হওয়ার আগেই সিইসি আদালতকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে নতুন ভোটার তালিকা তৈরির কাজ শুরু করতে যাচ্ছেন। সিইসির এ উদ্যোগকে তিনি বিচার বিভাগের প্রতি অনাস্থা ও অসম্মান প্রদর্শনের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
অ্যাডভোকেট এনায়েত ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা না দিয়ে নিজেকে সকল বিতর্কের উর্ধ্বে রাখতে সিইসি বিচারপতি এমএ আজিজের প্রতি আহ্বান জানান। আর তা না করলে তাকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি একেএম সাদেক ও বিচারপতি আব্দুর রউফের মতো ভাগ্য বরণ করতে হবে।
তিনি বলেন, তৎকালীন ক্ষমতালোভী সরকারের আকাংখা পূরণ করতে গিয়ে ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারি নীলনকশার নির্বাচন করে বিচারপতি একেএম সাদেক তার সম্মান ও মর্যাদা হারিয়ে বাংলাদেশের ইতিহাসে একজন ঘৃণ্য ও অবজ্ঞার পাত্রে পরিণত হয়েছেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নে আদালত ২০ অক্টোবর সরকারকে আর সময় না দেওয়ার কথা জানিয়ে দিলেও সরকার তা বাস্তবায়ন না করে ক্রমাগতভাবে আদালত অবমাননা করে চলেছে।
এসসিবিএ নেতৃবৃন্দ আসন্ন ঈদুল আজহার আগেই গাজীপুর, ঝালকাঠি, চট্টগ্রাম ও নেত্রকোণার বোমা হামলায় নিহত ২০ জনের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়াও দীর্ঘ একমাস শীতকালীন ছুটির পর ১ জানুয়ারি থেকে পুনরায় কার্যক্রম শুরু হতে যাওয়া দেশের সকল আদালতে যথাযথ নিরাপত্তা গ্রহণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসসিবিএ নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মইনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শাহ জহিরুল হক, অ্যাডভোকেট আব্দুস সালাম মণ্ডল, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন সেলিম, অ্যাডভোকেট আজহারুল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট রবিউল আলম বাবু ।
