২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর বাণী, সমন্বিত

ইংরেজি নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিকল্প ধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাণী দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে পুরনোকে পেছনে ফেলে নতুনকে আবাহনের মধ্য দিয়ে দেশ-বিদেশে নববর্ষকে স্বাগত: জানানোর আহ্বান জানান।

তিনি নববর্ষে সবার জীবনে আনন্দের বারতা এবং সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিত প্রয়াসের সুফল কামনা করেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন বছরে জঙ্গিদের বিরুদ্ধে সরকারের অবস্থান দৃঢ় থেকে দৃঢ়তর করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ২০০৫ সালে আর্থ--সামাজিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন সফলতা পেয়েছি, তেমনি ধর্মের অপব্যাখ্যাকারী বোমা সন্ত্রাসীরা ও রাজনৈতিক নৈরাজ্যবাদীরা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করার ঘৃণ্য প্রয়াসও চালিয়েছে।

তিনি বলেন, আমরা এতে থমকে দাঁড়াইনি। সামাজিক স্থিতিশীলতা, গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখতে আমরা জনগণকে সাথে নিয়ে অবিচল ও অটল থেকেছি। তাদের বিরুদ্ধে একের পর এক কঠোর, দৃঢ়চেতা ও কার্যকর পদক্ষেপ নিয়েছি। নতুন বছরেও আমাদের এই অবস্থান দৃঢ় থেকে দৃঢ়তর হবে।

প্রধানমন্ত্রী দেশের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আগামী বছরটি যাতে আমাদের ব্যক্তি, গোষ্ঠী, সমাজ ও জাতীয় জীবনের সর্বত্র সুখ ও সমৃদ্ধি বয়ে আনে, সে লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সামাজিক শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বিকাশে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করতে হবে।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে দেশে ও বিদেশে বসবাসকারি সকল বাংলাদেশীকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে।

সংসদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নতুন বছরে মানুষের মুক্তি ঘটবে। দেশের মানুষ ফিরে পাবে কাঙ্খিত গনতন্ত্র, বেঁচে থাকার অধিকার, শান্তি ও স্থিতিশীলতা।

তিনি বলেন, নতুন বছর আমাদের জন্যে নিয়ে আসবে মুক্তির সুবাতাস। বাংলাদেশ আবারো পৃথিবীর বুকে তার নিজস্ব মহিমা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। নতুন বছরে মানুষের হতাশা ও বঞ্চনার অবসান ঘটবে - এটাই আমার প্রত্যাশা।

শেখ হাসিনা বলেন, নববর্ষের শুভলগ্নে নতুন বছরে সবার জীবন সুখ,শান্তি ও আনন্দে সমৃদ্ধ হয়ে উঠুক।

তিনি বলেন, বিগত বছরের বহু তিক্ততা, ক্ষোভ ও বেদনাদায়ক ঘটনা আমাদের জাতীয় জীবনকে বিপর্যস্ত করেছে। সন্ত্রাস, বোমাবাজি ও জঙ্গিবাদ কেড়ে নিয়েছে বহু মূল্যবান জীবন। বিএনপিÑ-জামাত জোট সরকারের সন্ত্রাস, রাজনৈতিক নিপীড়ন, হত্যা, দুর্নীতি, দলীয়করণ ও সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিকতা ২০০৫ সালেও মানুষের জীবনকে দূর্বিসহ করেছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি জীবনযাত্রাকে করেছে বিপর্যস্ত।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক প্রতিটি মানুষের জন্য শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠা। আমরা অশিক্ষিত, দরিদ্র ও দুঃশাসনমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। দক্ষ, সৃজনশীল ও উদ্যোগী মানব সম্পদের বিকাশ চাই।