নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিচারকাজ থেকে বিরত থাকতে বিচারকদের প্রতি রোকনউদ্দিন মাহমুদের আহ্বান
বাংলাদেশ বার কাউন্সিলের (বিবিসি) ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ বুধবার বিচারক, আইনজীবী, মক্কেল, পুলিশ এবং আদালতের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত স্বেচ্ছায় সকল বিচারকার্য পরিচালনা থেকে বিরত থাকতে সুপ্রিম কোর্টের বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, নিু আদালতের বিচারকরা ইতোমধ্যেই আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছেন। তারা বিচারক ও আদালত প্রাঙ্গনে বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের বিচারকরা বোমা হামলার ঘটনায় এখনও নীরব আছেন। যে কোনও সময় তারাও বোমা হামলার শিকার হতে পারেন। আমরা এ সমস্ত ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানতে চাই।
বুধবার বার কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ব্যরিস্টার রোকন বলেন, দেশে ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইন ও লেবাননের মতো অবস্থা বিরাজ করছে। জাতি আজ ভয়াবহ দুর্যোগের মুখোমুখি।
তিনি বলেন, হাইকোর্টের বেশ কয়েকজন বিচারক আইনজীবীদের বলেছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে তারা অসন্তোষ প্রকাশ করেননি। কেন তারা নীরব আছেন? তারা নিজেদের মুখ না খুললে বিচার বিভগের ওপর হামলা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ডাকা বৃহস্পতিবারের হরতালকে সমর্থন করে তিনি বলেন, দেশে ১৯৭১ সালের মতো নতুন যুদ্ধ শুরু হয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল অপশক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে। আজকের যুদ্ধ হলো জনগণ ও জাতিকে রক্ষার যুদ্ধ। জনগণ, বিচারক, আইনজীবী ও বিচারবিভাগের অস্তিত্বের স্বার্থে হরতাল আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবারের হরতালের সমর্থনে দেশের ৪০ হাজার আইনজীবী রাস্তায় নামবে।
রোকনউদ্দিন বলেন, সরকারের ভেতরেই পৃষ্ঠপোষক লুকিয়ে আছে বিধায় সরকার বর্তমান অবস্থা মোকাবেলায় সক্ষম না।
তিনি প্রশ্ন করেন, পুলিশ ও র্যাব বেশ কিছুৃ উগ্রপন্থীকে আটক করার পর দ্রুত ছেড়ে দেয়। কার নির্দেশে তাদের ছেড়ে দেয়া হয়েছে?
তিনি দেশ রক্ষার জন্য উগ্র ও চরমপন্থীদের বিরুদ্ধে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রোকনউদ্দিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্যে এবং দেশে সংঘটিত বোমা হামলার সকল রিপোর্ট প্রকাশের জন্যে সরকারের প্রতি দাবি জানান।
বার কাউন্সিলের ৪০ হাজার সদস্যের পক্ষে বোমা হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট জেডআই খান পান্না, অ্যাডভোকেট শাহারা খাতুন উপস্থিত ছিলেন।
